
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগে চীন থেকে খোলা হাজারো ফেসবুক একাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের অভিভাবক সংস্থা মেটা পরিচালিত তদন্তের পর ভূয়া নাম-ঠিকানায় চীন থেকে খোলা ৪৭৮৯টি ফেসবুক একাউন্ট ছাড়া আরো ৭টি গ্রুপের প্রতিনিধিত্বকারী ১৩টি একাউন্ট অকার্যকর/বন্ধ করা হয়েছে। ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ চাঞ্চল্যকর সংবাদ দিয়েছে।
উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনের মত সামনের বছরের নির্বাচন ঘিরেও চীন ও রাশিয়া তার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে থাকা প্রার্থীগণের ব্যাপারে উদ্ভট সব মিথ্যাচারের ফাঁদ পেতেছে বলে এফবিআইসহ বিভিন্ন সংস্থা অভিযোগ করে আসছে। ব্যালট যুদ্ধে ভোটারদের বিষিয়ে তোলার ব্যাপারেও চীন ও রাশিয়া এবং ইরানিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে হোয়াইট হাউজ অভিযোগ করছে। এমনকি, সম্প্রতি চীনা নেতার সাথে বৈঠকের সময়েও প্রেসিডেন্ট বাইডেন প্রসঙ্গটির অবতারণা করেছেন। এমনি অবস্থায় ফেসবুক সংঘবদ্ধভাবে মার্কিন রাজনীতি ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারণার জন্যে খোলা ফেসবুক চিহ্নিত ও অকার্যকর করলো বলে মনে করা হচ্ছে।
ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) এর বেশ কিছু একাউন্ট থেকে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করাস হচ্ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি উল্লেখ করেছে। এক্ষেত্রে রাশিয়া থেকে ভূয়া নাম-ঠিকানায় অনেক একাউন্ট খোলা হয়েছিল, যেগুলোকে অকার্যকর করার কথা জানিয়েছে ফেসবুক।
সত্যের লেশমাত্র নেই-এমন সব উদ্ভট তথ্য ফেসবুকে উল্লেখ করে প্রার্থীগণকে ভোটারদর সাথে হেয়প্রতিপন্ন করা ছাড়াও সংঘবদ্ধ চক্রটি পুরো নির্বাচন ব্যবস্থাকেও হাস্যকর করার অপচেষ্টায় ছিল। এ অবস্থায় ফেসবুক কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় জনমণে কিছুটা স্বস্তি এলেও কেউই নিশ্চিত হতে পারছেন না যে, পুরো নেটওয়ার্ক গুড়িয়ে দেয়া হয়েছে।



