
বিশেষ সংবাদদাতা | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ডোনাল্ড ট্রাম্প ফের প্রার্থী না হলে জো বাইডেন দ্বিতীয় টার্মের জন্যে লড়তেন না । এক মেয়াদেই সন্তুষ্ট থাকতেন বলে মঙ্গলবার বস্টন এলাকায় নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন নিজেই এ কথা বলেছেন। বাইডেন বলেন, ট্রাম্পকে আরেক দফা ধরাশায়ী করতেই আমাকে মাঠে নামতে হয়েছে। কারণ, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। আমেরিকার গণতন্ত্রের জন্যে বড় ধরনের হুমকি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
ম্যাসেচুসেটস স্টেটের ওয়েস্টন সিটিতে অনুষ্ঠিত এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন উল্লেখ করেন, ‘ট্রাম্প যদি না লড়তেন, আমি নিশ্চিত নই যে, লড়তাম কিনা। কারণ, আমরা তাকে জয়ী হতে দিতে পারি না।’
ট্রাম্প নির্বাচনে না থাকলে তিনি কি সরে যেতেন-এমন প্রশ্নের জবাবে সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে বাইডেন তার উপরোক্ত মতামতকে কিছুটা সংশোধন করে বলেন, ‘আমি সেটি আশা করেছিলাম। কিন্তু দেখুন, তিনি লড়ছেন, তাই আমাকেও লড়তে হচ্ছে।’



