
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

বিদেশি কোম্পানীর সাথে কাজে অর্জিত অর্থের ট্যাক্স ফাঁকি এবং ট্যাক্স রিটার্নে জালিয়াতির অভিযোগে প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ৭ ডিসেম্বর ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্টে আরেকটি মামলা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে প্রেসিডেন্ট নিয়োজিত বিশেষ কাউন্সেল ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিস্টিক্ট কোর্টে এসব অভিযোগ দায়ের করেছে। এরপর সেই আদালতের জুরিবোর্ডের ৫৬ পাতার বিবরণ অনুযায়ী হান্টার বাইডেন জালিয়াতি, প্রতারণা, ট্যাক্স ফাঁকির ৯টি অপরাধ সংঘটিত করেছেন। উল্লেখ্য, এ বছর হান্টারের বিরুদ্ধে বেআইনীভাবে অস্ত্র ক্রয় এবং তা ব্যবহারের আরেকটি গুরুতর অপরাধের মামলা হয়েছে দেলওয়ারে স্টেটের ফেডারেল কোর্টে।
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে অন্তত: ১৪ লাখ ডলারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন হান্টার বাইডেন। এই পরিমাণ ট্যাক্সের হিসাবও হান্টারের নিজের করা। ৫ বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তদানিন্তন ইউএস এটর্নী (দেলওয়ারে ) ডেভিড সি ওয়েসিস এই তদন্ত শুরু করেছিলেন। জো বাইডেনও তাকেই গত আগস্টে কাউন্সেল নিয়োগ করেছেন তদন্ত প্রক্রিয়া পুনরায় শুরু করতে। প্রসঙ্গত: উল্লেখ্য, গত গ্রীস্মে হান্টার সরকারী এটর্নীর সাথে একটি সমঝোতায় উপনীত হয়েছিলেন যে, টাক্স ফাঁকির অভিযোগগুলো স্বীকার করে তা প্রদান করলে তাঁকে কারাগারে যেতে হবে না। শেষ পর্যন্ত সেই চুক্তিটি হয়নি। এমনি অবস্থায় গত সেপ্টেম্বরে হান্টারের বিরুদ্ধে একটি মামলা হয়। সেটি হচ্ছে হান্টার তার মাদকাসক্তের তথ্য গোপন করে ২০১৮ সালে একটি বন্দুক ক্রয় করেছেন।
রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার যে রেজ্যুলেশন উত্থাপিত হয়েছে, সেটি ভোটে যাবার প্রাক্কালে হান্টারের বিরুদ্ধে এই অভিযোগ দায়েরের ঘটনায় মার্কিন রাজনীতির উত্তাপ চরমে উঠিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, এদিনই (৭ ডিসেম্বর) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবম বারের মত নিউইয়র্ক সিভিল কোর্টে তার বিরুদ্ধে দায়েরকৃত প্রতারণার মামলার শুনানীতে অংশ নেন। ট্রাম্প সে সময় এ ধরনের মামলাকে রাজনৈতিক প্রতিহিংসাপরাণতার নগ্ন প্রকাশ বলে উল্লেখ করেছেন। বাইডেনকে ইমপিচ করার জন্যে যে অভিযোগ উত্থাপন করেছেন রিপাবলিকানরা, সেখানে হান্টারের চীন ও ইউক্রেন কোম্পানীর পরামর্শদাতা (লবিস্ট ফার্ম) হিসেবে আয়-রোজগারের ভাগা পিতা বাইডেনও পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।



