
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ২১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রিমিয়ার শো-তে এনআরবি গ্লোবালের পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয় সাজিয়া হক মিমি, মোয়াজেম হোসেন চৌধুরী ও সাইফুর রহমান ওসমানী জিতুকে। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
লসঅ্যাঞ্জেলেসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাহানারা’ও ‘রেডিও’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে ১০ ডিসেম্বর। সিনেমা দুটি লসঅ্যাঞ্জেলেসে প্রথম শুভ মুক্তি পেল। বারব্যাঙ্ক সাইন্টোলজি সেন্টারে সেদিন হল ভর্তি দর্শক সিনেমা দুটি দেখেন। হলটি অন্যান্য হলের চেয়ে অনেক বড়। প্রথমে জাহানারা ও পরে রেডিও প্রদর্শিত হয়। জাহানারা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন লসঅ্যাঞ্জেলেসের বহুগুনে গুনান্বিতা উপস্থাপিকা, ব্যবসায়ী, শিল্পী সাজিয়া হক মিমি। প্রমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে মিমি তার যোগ্যতার স্বাক্ষর রাখেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে থাকা সাংবাদিক-লেখক তপন দেবনাথ।
তিনি বলেন, ‘সিনেমাটি দেখার পর এত মানুষের ভালোবাসা পেয়েছি যে আমি আবেগে আপ্লুুত হয়ে গিয়েছিলাম। আমার জীবনে প্রথম সিনেমা এটি। খুবই ভালো লেগেছে তাদের মন্তব্য শুনে।’ তিনি আরও জানান যে, অনেকেই তাকে জাহানারা নামে ডাকতে শুরু করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন গুণী পরিচালক অনন্য মামুন। প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়াভিশন। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নুর। পটুয়াখালি জেলার কুয়াকাটা অঞ্চরের দরিদ্র মৎস্যজীবীদের জীবনভিত্তিক চলচ্চিত্রে এক প্রতিবাদী চরিত্রে অভিনয় কলে অনন্য অভিনয়-দক্ষতার প্রমাণ দেন মিমি।
অপর সিনেমাটি ‘রেডিও’। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র রেডিওতে অভিনয় করেছেন রিয়াজ ও মম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পূর্বে এক অজপাড়াগাঁয়ে রেডিওতে ভাষণ শোনার পূর্ব প্রস্তুতিকে উপজীব্য করে এক অনন্য সাধারণ গল্প চিত্রায়িত হয়েছে রেডিও চলচ্চিত্রে। উপস্থিত দর্শকরা সিনেমা দুটির ভূয়সী প্রশংসা করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন লসঅ্যাঞ্জেলেসের বিশিষ্ট সমাজসেবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
ইন্টারন্যাশনাল মিডিয়া আর্টস’র সৌজন্যে এই বাংলাদেশি ফিল্ম ফ্যাসটিবলটি প্রথমবারের মতো লসঅ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান ছিল, যারা আজ বেঁচে নেই তাদের সম্মানে একটি ভিডিওচিত্র দেখানো হয়। এটি নির্মাণ করেন আরেক গুনী ব্যক্তি সাইফুর রহমান ওসমানী জিতু। পরে তাদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে বক্তব্য দেন জাহানারা সিনেমার নায়িকা সাজিয়া হক মিমি। পরে বক্তব্য দেন তরঙ্গ অব ক্যালফোর্নিয়ার কর্ণধার এবং রেডিও চলচ্চিত্রের প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মো. সায়েদুল হক সেনটু এবং ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সম্মানিত করা হয় প্রয়াত বদিউল আলম বদি এবং সাইফুর রহমান ওসমানী জিতুকে। অনুষ্ঠানে এন আর বি গ্লোবালের পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয় সাজিয়া হক মিমি, মোয়াজেম হোসেন চৌধুরী ও সাইফুর রহমান ওসমানী জিতুকে। অনষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুর রহমান ওসমানী জিতু। মধ্যরাত পর্যন্ত দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন। সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।



