
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

‘ধনধান্যে পুস্পেভরা আমাদের এই বসুন্ধরা’ গানে ‘৯৩ আমেরিকা’র সকলে অংশ নেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
‘ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’র মাধ্যমে শুরু জমকালো অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ‘আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে’ গানের মধ্যদিয়ে। ২৫ ডিসেম্বর বড়দিনের আমেজে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৯৯৩ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা জীবন-সন্ধিক্ষণের সেই বছরটির তিন দশক পূর্তি উপলক্ষে নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসের আলো ঝলমল মিলনায়তনে মনোরম এক সমাবেশ করলেন। সপরিবারে জড়ো হওয়া বন্ধুদের স্লোগান ছিল ‘ফ্রেন্ডস ফরঅ্যাভার’ অর্থাৎ চিরদিনের বন্ধু।
স্লোগানেই উদ্ভাসিত হয় ৩০ বছর আগের উঠতি বয়সীদের প্রাণের আকুতি আজো অমলিন রয়েছে, অনন্তকাল বইবে এ ধারা। ‘৯৩ আমেরিকা’ ব্যানারে সাবেক এই সহপাঠিরা সংঘবদ্ধ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২০ সাল থেকে। স্বতস্ফুর্তভাবে সংগঠিত হবার পর নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি অথবা হিংসা-বিদ্বেষের অবতারণা যাতে না হয় সেজন্য সকলেই একেকজন সংগঠক হিসেবেই দায়িত্ব পালন করছেন। নেই কোন সভাপতি/আহবায়ক অথবা সেক্রেটারি/ সদস্য-সচিব। ৩০ বছর আগের শিক্ষাঙ্গনের স্মৃতিচারণ করা হয় নিজ অঞ্চলের ভাষায়, আর এভাবেই বাঙালির ঐতিহ্য প্রতিভাত হয়েছে শুরুতেই। গানে গানে জাগ্রত হয়েছে কৈশোরের অনাবিল আনন্দের দিনগুলো। মাঝেমধ্যেই কথামালার ফুলঝুরি ঘটিয়েছেন শাহ মাইনুল মুন, জাকারিয়া তহুরা, বুলবুল, জয়নাল, সাঞ্জনা, রুপম, ঈশানা, তহুরা, সাহেল, তপন, তৌফিক, জাকারিয়া, খায়রোল, মাসুম, শায়েব মার্সিয়া, সিরাজি পুতুল, রবিন, তৃণা। তবে সবকিছুকে ছাপিয়ে যায় দিনাত জাহান মুন্নি আর শাহ মাহবুবের দরাজকন্ঠের গান। পুরো অডিটরিয়াম নেচে উঠেছিল জনপ্রিয় সব গানের তালে। প্যারোডি আর দেশের গানেও ঝলসে উঠেন সকলে। সম্প্রীতির জয়গানে ‘৯৩ আমেরিকা’র এই পুনর্মিলনী উৎসবের আমেজ গোটা কম্যুনিটিতে বিস্তৃত হবে-এ সংকল্প অংশগ্রহণকারি সকলের। এ উপলক্ষে কেক কাটাও হয়েছে মূলমঞ্চে সমবেত সঙ্গীতের পর। পুরো অনুষ্ঠানের পান্ডুলিপি গ্রন্থনা ও পরিচালনা করেন শাহ মাঈনুল মুন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ।



