
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপি-জামায়াত নিষিদ্ধ দাবিতে জাতিসংঘের সামনের র্যালির সমর্থনে প্রচারিত পোস্টার। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
‘বাংলাদেশে আন্দোলনের নামে নিরপরাধ মানুষ হত্যা, আগুন দিয়ে সহায়-সম্পদ পুড়িয়ে দেয়া এবং জনজীবনকে সন্ত্রস্ত করার মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াতকে নিষিদ্ধ করার দাবি’তে ৩ জানুয়ারি বুধবার বেলা দেড়টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে (ফার্স্ট এভিনিউ এবং ৪৭ স্ট্রিট) বিক্ষোভ শেষে মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউএসএ’র ব্যানারে ঘোষিত এই কর্মসূচির সমর্থনে ইতিমধ্যেই ব্যাপক গণসংযোগ শুরু করা হয়েছে বলে আয়োজকদের অন্যতম ড. প্রদীপ কর জানান। বাংলাদেশের সংবিধানে না থাকলেও বিএনপি কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘের সামনে এবং ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে কয়েক দফা বিক্ষোভ করেছে । জামায়াতের সহায়তায় বিএনপি, যুবদল, শ্রমিক দল, জাসাসের নেতা-কর্মীরাএসব কর্মসূচিতে অংশ নেন। স্টেট ডিপার্টমেন্টের সামনে একই সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি ও উন্নয়নের সমাবেশ করা হয়েছে। পুলিশ বেষ্টনীতে কর্মসূচি চলায় অপ্রীতিকর কোন পরিস্থিতির উদ্ভব হয়নি।



