
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতিসংঘের সামনে লিফলেট বিতরণকারি বিএনপির নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। জাতিসংঘের সামনে দাঁড়িয়ে কূটনীতিক এবং পথচারিদের মধ্যে বিএনপির নির্বাচন বর্জনের আহবান সম্বলিত লিফলেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান, যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, জিয়াউর রহমান মিলন, কবীর আহমেদ এবং মোহাম্মদ হোসেন। দুপুর থেকে সন্ধ্যা অবধি তারা বেশ কয়েকশত মানুষের মধ্যে এই লিফলেট বিতরণের সময় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করা জরুরী বলে যুক্তির অবতারণা করেছেন।
এদিকে, টোকিও সফররত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদের সমন্বয়ে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে নেতা-কর্মীরা নির্বাচন বর্জনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ করেন। এ কর্মসূচি শুরু হয় জাপান মেট্রপলিটন হোটেলের লবি থেকে। ভিনদেশী পর্যটক এবং জাপানের নীতি-নির্দ্ধারকদের কাছে লিফলেট প্রদানের সময় নেতৃবৃন্দ কথাও বলেছেন।



