
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
২০২৩ সালের অপরিসীম দুর্ভোগ, সহিংসতা, জলবায়ু দুষণের অবিশ্বাস্য প্রভাব থেকে শিক্ষা নিয়ে চলতি ২০২৪ সালকে পারস্পরিক বিশ্বাস ও আশা তৈরীর বছরে পরিণত করতে বিশ্বব্যাপী ঐক্যের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সুখ-সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বিশ্ব কামনা করে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে মহাসচিব এই বিবৃতিতে আরো উল্লেখ করেছেন, আমরা যখন একসাথে দাঁড়াই, তখন মানবতা সবচেয়ে শক্তিশালী হয়। সে আলোকে চলতি সালটি অবশ্যই বিশ্বাস পুনর্গঠন এবং আশা পুনরুদ্ধারের বছর হতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একসাথে যা অর্জন করতে পারি তাতে আশা করি বছরটি অবশ্যই দ্বন্দ্ব-সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো। মহাসচিব উল্লেখ করেন, ক্রমবর্ধমান দারিদ্র ও ক্ষুধায় মানুষ পিষ্ট হচ্ছে। বাড়ছে যুদ্ধ এবং হিংস্রতা। এহেন পরিস্থিতি মানবতার জন্যে কখনোই কাম্য হতে পারে না।
প্রত্যাশার বিশ্ব রচনার ক্ষেত্রে পারস্পরিক আস্থার যে ঘাটতি সেদিকে ইঙ্গিত করে মহাসচিব বলেন, অঙ্গুলি হেলনে অথবা বন্দুকের নলের জোড়ে বেশীদূর যাওয়া যায় না, টেকসই শান্তি দূরের কথা। আমরা যখন ঐক্যবদ্ধ হই তখনই মানবতা শক্তিশালী হয়। জলবায়ু দুষণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, অর্থনৈতিক সুযোগের জন্য, একটি ন্যায্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থা-যা সকলের কাছে পৌছায় তেমন পরিবেশ তৈরীর জন্যে সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে গোটাবিশ্বকে। ‘জাতিসংঘ শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের জন্যে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে নিরন্তরভাবে কাজ করছি আমরা, এই ধারাকে আরো পরিপুষ্ট করতে হবে নতুন এই বছরে’-বলেছেন মহাসচিব গুতেরেস।



