
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

৭ অক্টোবরের পর থেকে এ যাবত গাজা এবং পশ্চিম তীরে হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রসমূহে প্রায় ৬০০ বার বোমা হামলা হয়েছে। এসব হামলায় নিহত হয়েছে ৬১৩ জন। এরমধ্যে গাজায় ৬০৬ এবং পশ্চিম তীরে ৭ জন। আর আহত হয়েছে ৭৭০ জনের অধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ এ তথ্য দিয়েছে। সংস্থাটির মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমিয়েরার বর্বরতা এবং নৃশংসতার জঘন্যতম হামলার বিবরন প্রদানকালে বলেছেন, নিরাপদ জায়গা হ্রাস পেতে থাকা এবং স্বাস্থ্যসেবার উপর ক্রমাগত আক্রমণ গাজার মানুষকে ব্রেকিং পয়েন্টে ঠেলে দিচ্ছে। গাজা উপত্যকার শিশুরা তাদের জীবনের তিনগুণ হুমকির মুখে। কারণ, রোগের প্রকোপ বেড়েছে, পুষ্টি হ্রাস পাচ্ছে। শুক্রপক্ষের নিষ্ঠুর আচরণ তথা নির্বিচার বোমা হামলার চতুর্দশতম সপ্তাহে উপনীত হতে চললো। উল্লেখ্য, ইতিমধ্যেই হাজারো শিশুর প্রাণ ঝরেছে। অসংখ্য শিশুর নিরাপত্তা আজ বিপন্ন। ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশুরাও খাদ্যাভাবের শিকার। চিকিৎসা এবং পুষ্টিকর খাদ্যাভাবেও আরো অনেক শিশুর প্রাণহানীর আশংকা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর গাজা উপত্যকায় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে এ যাবত ইসরায়েলের ৩০৪ বার বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব বোমা হামলায় ৩৬টি হাসপাতালের মধ্যে ২৬টি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৪টি স্ব্স্থ্যাসেবা কেন্দ্র। বোমা হামলায় পুরে ছাই হয়েছে ৭৯টি অ্যাম্বুলেন্স। অপরদিকে, পশ্চিম তীরে ২৮৬টি হামলায় ৭ জনের মৃত্যু এবং আহত হয়েছে ৫২ জন। ২১২টি অ্যাম্বুলেন্সসহ ২৪টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল জানিয়েছেন, গাজার শিশুদের প্রতিটি দিন কাটছে সন্ত্রস্ত অবস্থায়। মৃত্যুর প্রহর কাটছে ক্ষুধার্ত অবস্থায়। চিকিৎসা রয়েছে এমন রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা না পেয়ে কঠিন এক পরিস্থিতিতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার মত বিশুদ্ধ পানীয় জল এবং পুষ্টিকর খাদ্য সংকট শিশুদের নিপতিত করছে ভয়ংকর এক নাজুক অবস্থায়। যদিও প্রতিটি শিশু এবং অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ ন্যূনতম খাবার পাবার ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে এক সপ্তাহের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ৪৮ হাজার থেকে ৭১ হাজারে বেড়েছে। এরপরে দৈনিক গড়ে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৩২০০ জন করে। ৭ অক্টোরের আগে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা মাসে গড়ে ২০০০ জনের মত ছিল বলেও ইউনিসেফ উল্লেখ করেছে।



