
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্সে নূরুল আজিমকে ‘সেরা রিয়েল এস্টেট কোম্পানী’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার প্রিয়মুখ, স্বল্পভাষী এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সরব কক্সবাজারের সন্তান নূরুল আজিমও ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই’র মিলেনিয়াম প্লাজা হোটেলে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই কনফারেন্সে ১২ দেশের ১২০ জনের সাথে নিউইয়র্কস্থ ‘ইস্টার্ন ইনভেস্টমেন্ট কর্পোরেশন’র প্রেসিডেন্ট ও সিইও নূরুল আজিমকে ‘সেরা রিয়েল এস্টেট কোম্পানী’ ক্যাটাগরিতে এই সম্মাননা তুলে দেওয়ার সময় বিপুল করতালিতে মুখরিত হয় আলোঝলমল বলরুমটি। নিউইয়র্কে ফিরে এই বিজনেস আইকন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রিয় মাতৃভ’মির সার্বিক কল্যাণে বদ্ধপরিকর প্রবাসের স্বনামধন্য ব্যবসায়ী-বিনিয়োগকারিগণের সমাবেশের একটি অংশ হতে পেরে প্রত্যেকেরই মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা বেড়ে গেছে। পারস্পরিক নেটওয়ার্কের দিগন্ত বিস্তৃত করতেও এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।
নূরুল আজিম বলেন, যে কোন অ্যাওয়ার্ড অর্জনই সম্মানের। আমিও সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িতে দিয়েছে। শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আমি সব সময়ই অগ্রাধিকার দিয়ে আসছি। আর তাই ব্যবসার পাশাপাশি আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির সেবায় নিজের সম্পৃক্ততা আমৃত্যু অব্যাহত রাখব।



