Advertisement Placeholder

নিউইয়র্কে ৪দিনব্যাপী বইমেলার জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ৪দিনব্যাপী বইমেলার জোর প্রস্তুতি

প্রস্তুতি সভায় বিস্তারিত অবহিত করেন বইমেলার আহবায়ক হাসান ফেরদৌস। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে ৪দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২৪ মে (মেমরিয়াল ডে উইকেন্ড)। এটি হবে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর আমেরিকায় ৩৩তম বাংলা বইমেলা। এ উপলক্ষে বইমেলা কমিটির আহবায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় ২৮ জানুয়ারি জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। সামগ্রিক প্রস্তুতি আলোকে কথা বলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ফেরদৌস সাজেদীন, সাহিত্যানুরাগী, শিল্পপতি এবং নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক গোলাম ফারুক ভূইয়া, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক নাসিমুন্নাহার নিনি এবং নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সউদ চৌধুরী ও সিইও বিশ্বজিৎ সাহা। এ সময় জানানো হয় যে, প্রবাস প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে গত মেলার মত এবারও নানা কর্মসূচি নেয়া হচ্ছে। আমেরিকা, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বিতীয় প্রজন্মের বাঙালি লেখকের অনেকেই বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাদের বই মেলায় (অন্তত: বাংলায় অনুদিত) থাকলে নতুন প্রজন্মের পাঠক-কেও আকৃষ্ট করার পথ সুগম হতে পারবে বলে কেউ কেউ মনে করেন। ইতিমধ্যেই পুরস্কার প্রাপ্ত বাঙালি প্রজন্মের সেই সব লেখক-লেখিকার সাথে মেলার উপস্থিতির ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল বলে মেলা কমিটির সাথে যুক্তরা উল্লেখ করেন। কিন্তু আন্তরিক সাড়া পাননি। অধিকন্তু মেলায় উপস্থিতির শর্ত হিসেবে মোটা অংকের ফি (যা তারা সচরাচর নিয়ে থাকেন) চাওয়া হয় ঐসব লেখক-লেখিকার এজেন্টের মাধ্যমে। এমন দূরত্ব ঘুচাতে কার্যকর একটি পদক্ষেপের পরামর্শ দেন কয়েকজন।
মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা এ সময় জানান যে, এখন পর্যন্ত কলকাতার অন্তত: দুটি এবং বাংলাদেশের প্রথিতযশা ২৬টি প্রকাশনা সংস্থা নিশ্চিত করেছে মেলায় যোগদানের ব্যাপারে। আরো কয়েকটি সংস্থা কথা বলেছে। আশা করছি সদ্য প্রকাশিত অন্তত দুই হাজার বইয়ের সমাহার ঘটবে এবারের মেলায়। মেলা কমিটির আহবায়ক হাসান ফেরদৌস জানান, কবিগণের মধ্যে কবিতা-লড়াইয়ের পাশাপাশি কর্মশালার পরিকল্পনা রয়েছে। থাকবে প্রবাসের আলোকে ডক্যুমেন্টারি ছাড়াও বাঙালির বীরত্বের চলচ্চিত্র প্রদর্শনী। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে শিল্পী তাজুল ইমামের নেতৃত্বে ও নির্দেশনায় মেলা প্রাঙ্গনে কনসার্টের পরিকল্পনা রয়েছে। সেটি মূলত: ৪দিনব্যাপী মেলার কার্যক্রমকে ওয়ার্মআপের মত ভ’মিকা রাখবে। হাসান ফেরদৌস উল্লেখ করেন যে, মেলার প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদার সাথে কার্যকর যোগাযোগ হচ্ছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেয়া হবে জিএফবি-মুক্তধারা সাহিত্য পুরস্কার। এছাড়া প্রবাসী লেখকদের দেয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার।
নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কথা বলেন মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সেমন্তী ওয়াহেদ। তিনি জানান, বেশী সংখ্যক তরুণ-তরুণীর সম্পৃক্ততার প্রয়াস রয়েছে। গত মেলার অভিজ্ঞতায় এবার আরো নতুন কিছু করতে চাই। এজন্যে দরকার সকলের আন্তরিক সহযোগিতা। মেলাকে সাফল্যমন্ডিত করতে সুধীজনের মধ্য থেকে পরামর্শমূলক কথা বলেন সাংবাদিক কৌশিক আহমেদ, মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য রানু ফেরদৌস, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, কবি ডা. ফারুক আজম, মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য ওবায়দুল্লাহ মামুন, আবৃত্তিকার তাপস সাহা এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন। উল্লেখ্য, এবার থেকে বইমেলার নামকরণে আন্তর্জাতিক শব্দ যোগ করা প্রসঙ্গে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. নুরুন্নবী বলেন, ৩২ বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গত বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা।’ ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০টি দেশ থেকে লেখক, পাঠক এবং প্রকাশক অংশ নেবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার