
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধে প্রেসিডেন্ট বাইডেনকে সর্বোচ্চ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যকল্যান্ড ফেডারেল কোর্টে দায়েরকৃত মামলাটি ৩১ জানুয়ারি বুধবার খারিজ করা হয়েছে। ইউএস ডিস্ট্রিক্ট জজ জেফরী হোয়াইট এ সিদ্ধান্ত ঘোষণাকালে উল্লেখ করেছেন, এ ব্যাপারে আদালতের কিছু করার এখতিয়ার নেই। এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর ব্যাপারে আদালতের কিছু করার থাকে না, এটি তেমনি একটি মামলা ছিল।
তবে তিনি ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বাইডেন প্রশাসনের আচরণের কঠোর সমালোচনা করেছেন। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস বাহিনীর নির্দয় হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বর্বরোচিত হামলা চালাচ্ছে। বোমা হামলায় নিরীহ শিশু-নারীসহ রোগীরাও মারা যাচ্ছে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬ হাজার নিরস্ত্র ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গত নভেম্বরে মামলাটি দায়ের করেছিল ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এবং গাজায় নিহত ফিলিস্তিনিদের স্বজনের পক্ষ থেকে। প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বিবাদি করা হয়েছিল। ইসরায়েলি সেনাদের গণহত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে রহস্যজনকভাবে নিরবতা পালন করছেন বাইডেন ও তার প্রশাসন-এমন অভিযোগ করা হয়েছিল এই মামলায়। গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধ বিরতির দাবির প্রতিও বাইডেন সমর্থন দেননি বলে ক্ষোভ প্রকাশ করা হয় ঐ মামলায়।



