
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ফোবানা লগো।
আসছে লেবার ডে উইকেন্ড তথা আগস্টের ৩০ ও ৩১ এবং পয়লা সেপ্টেম্বর অর্থাৎ শুক্র, শনি ও রবিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ফোবানার ৩৮তম বাংলাদেশ সম্মেলন হবে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার স্টিয়ারিং কমিটির সংবাদ সম্মেলনে এ ঘোষণার সময় আরো জানানো হয় যে, বিলাসবহুল হোটেলের আলোঝলমল বলরুমে তিনদিনব্যাপী এই সম্মেলনে কোন টিকিট লাগবে না। শুধু তাই নয়, হোটেল সংলগ্ন পার্কিং লটে দুই শতাধিক গাড়ি রাখা যাবে কোন ভাড়া ছাড়াই। উল্লেখ্য, আগে কোন ফোবানার সম্মেলনেই এমন ফ্রি’র বহর ছিল না। আরো উল্লেখ্য, এবারও একইসময়ে ফোবানার ৩টি সম্মেলন হবে। মিশিগানের ডেট্রয়েট সিটিতে একটি এবং আরেকটি হবে ভার্জিনিয়ার আর্লিংটনে ক্রিস্টাল গ্যাটওয়ে ম্যারিয়ট হোটেলে। তিন পক্ষই মাঠে রয়েছে সামগ্রিক প্রস্তুতি নিতে। ভার্জিনিয়ার ফোবানার কর্মকর্তারা গত সপ্তাহে ঢাকায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন। তাদের অবস্থানের কথা অবহিত করেছেন। সে ফোবানার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আলমগীর। অপরদিকে ডেট্রয়েট সিটির ফোবানার নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান।
এদিকে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলের এ সংবাদ সম্মেলনে ফোবানার এ অংশের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খন্দকার ফরহাদ, কিউ জামান, ফাহাদ সোলায়মান, সৈয়দ এনায়েত আলী, আহসান হাবিব, দেওয়ান আজিম, কাজী ওয়াহিদ এলিন, আবু জুবায়ের দারা প্রমুখ। আরো ছিলেন কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, কৃষ্ণাতিথি প্রমুখ। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ সংবাদ সম্মেলনে জানান, নিউইয়র্কে বিশাল আয়োজনের এ সম্মেলন হোস্ট করবে ‘আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স’। এই সংগঠনটি ২০০৮ সালে নিউইয়র্ক সিটির হিল্টন হোটেলের ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন ছিল। সে অভিজ্ঞতায় এবারও এই সংগঠনের প্রেসিডেন্ট আসেফ বারি টুটুলের নেতৃত্বে স্মরণকালের বৃহত্তম একটি সম্মেলন হবে-এ আশা সকলেই করছি। সম্মেলনে বাংলাদেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক, সম্পাদক, শিক্ষক, লেখক, কবি-সাহিত্যিকরা থাকবেন। বিষয়ভিত্তিক আলোচনায় কীভাবে প্রিয় মাতৃভূমির কল্যাণে প্রবাসীরা আরো মনোযোগী হতে পারি এবং বাংলাদেশি সমাজ-সংস্কৃতির ঐতিহ্য প্রবাস প্রজন্মে জাগ্রত রাখা যায়-তা নিয়ে সভা-সেমিনার-সিম্পোজিয়াম থাকবে। গিয়াস আহমেদ সকল গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, ৩৭ বছর থেকেই জড়িত রয়েছি ফোবানার সাথে। অতীতের অভিজ্ঞতায় নিউইয়র্কে সেরা একটি ফোবানা হবে-এ অঙ্গিকার পুরো টিমের। তবে হোস্ট সংগঠন শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে।



