
বিশেষ সংবাদদাতা | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে

গিয়াস আহমেদসহ বিশিষ্টজনদের সাথে কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
ফিলিস্তিনি বংশোদ্ভূ’ত আমেরিকান কংগ্রেসওম্যান (মিশিগান-ডেমক্র্যাট) রাশিদা তাইয়্যিব সহকর্মী ডেমক্র্যাটদের প্রতি আক্ষেপ করে বলেন, গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে আমিসহ মাত্র ১০ জন সরব রয়েছি। অন্যেরা সাড়া দিচ্ছেন না। অধিকন্তু আমেরিকানদের ট্যাক্সের অর্থে গাজায় ইসরায়েলি জেনোসাইডকে উৎসাহিত করা হচ্ছে। এহেন অমানবিক আচরণ রোধে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানদের সাথে জোরালো লবিংয়ের জন্যে বাংলাদেশি আমেরিকানদের আহবান জানালেন রাশিদা তাইয়্যিব।
২ মার্চ শনিবার নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের বাসভবনে সমবেত বিশিষ্টজনদের সাথে মতবিনিময় কালে এই কংগ্রেসওম্যান আরো বলেন, অবিলম্বে যুদ্ধ বিরতির পক্ষে অবস্থান নিতে সহকর্মী কংগ্রেসম্যানদের সমর্থন আদায়ের জন্যে চলমান ট্যুর প্রগ্রামের আওতায় মিশিগান থেকে নিউইয়র্কে এসেছি। কারণ, ইসরায়েলিদের এমন হিংস্রতা সভ্য সমাজে জঘন্য এক কংলকিত অধ্যায়ের সংযোজন ঘটাচ্ছে যার দায় কেউই এড়াতে পারবো না।
তাৎক্ষণিকভাবে আয়োজিত এ অনুষ্ঠানের হোস্ট গিয়াস আহমেদ (কংগ্রেসনাল বাংলাদেশ ককাস গঠনের অন্যতম সংগঠক) বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্দ্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি মিশিগান, ইলিনয়, উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় অনেক মুসলিম ভোটার রয়েছে। তারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ‘মুসলিম ভোটারও ফলাফল নির্ধারণে নেয়ামক শক্তিতে পরিণত হবে-এটা বলার অপেক্ষা রাখে না। সামনের নির্বাচনে সেই সক্ষমতা প্রদানের অভিপ্রায়ে ‘আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (এএমপ্যাক)গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে। এ আহবানে সাঁয় দিয়ে কংগ্রেসওম্যান রাশিদা সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবার আহবান জানান।
মার্কিন রাজনীতিতে প্রগতিশীল যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জনকারি চার কংগ্রেসম্যানের একজন রাশিদা নিজেকে ‘সবার জন্যে ন্যায় বিচারে কাজ করা একজন মা’ হিসেবে মনে করেন এবং সে চেতনায় উজ্জীবিত হয়েই মিশিগান স্টেট পার্লামেন্ট হয়ে কংগ্রেসে অধিষ্ঠিত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতার জন্যে তিনি শেষ নি:শ্বাস পর্যন্ত সরব থাকবেন বলেও উল্লেখ করেন কম্যুনিটির এই মতবিনিময় সভায়। এতে অংশ নিয়ে রাশিদার নির্বাচনী তহবিলে অর্থ প্রদানকারিগণের মধ্যে গিয়াস আহমেদের সাথে আরো ছিলেন ডা. মাসুদুর রহমান, আসেফ বারি টুটুল, ফাহাদ সোলায়মান, খাজা মিজানুর রহমান, মোহাম্মদ আলী, সৈয়দ ওমর হাসান, ডা. সাঈদুর রহমান চৌধুরী, ডা. জুন্নুন চৌধুরী, মোহাম্মদ হাসেম, নুরুল আজিম, ডা. বর্ণালী হাসান, আব্দুর রহিম হাওলাদার, আহসান হাবিব, রাজিব হক, কামাল সিদ্দিক, মোস্তাক আহমেদ, রফিক খান, দুলাল বেহেদু, শাহিনুর রহমান, সাঈদ মোস্তাকিম, আমিন মেহেদি, রুবেল তালুকদার, এডভোকেট মাহবুবুর রহমান এবং মাজেদা এ উদ্দিন।



