
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আমেরিকায় অবৈধভাবে বসবাসরত ভারতীয়রা এখন তৃতীয় বৃহত্তম সংখ্যায় পরিণত হয়েছে। ২০১১ সালের তুলনায় ২০২১ সালে তা দ্বিগুণ হয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বরাত দিয়ে ৭ মার্চ নিউইয়র্ক টাইমস এক সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে সবচেয়ে বেশি অবৈধ/কাগজপত্রহীন অভিবাসী ছিল ৪০ লাখ ৫০ হাজার। দ্বিতীয় শীর্ষে রয়েছে এলসালভেদর-৮ লাখ। ভারত হচ্ছে তৃতীয়-৭ লাখ ২৫ হাজার।
গুয়াতেমালা চতুর্থ স্থানে রয়েছে ৭ লাখ। হন্ডুরাসের অধিবাসীরা ৫ লাখ ২৫ হাজার নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে চীন-৩ লাখ ৭৫ হাজার। চলতি বছর নাগাদ এসব সংখ্যায় কত যোগ হয়েছে তা আপডেট করা হয়নি প্রকাশিত ঐ সংবাদে। তবে তা দ্বিগুণ হয়েছে-এটা বলা যায় অনায়াসে। কারণ, ২০২১ সাল থেকে বানের পানির নাহাল মানুষ মিছিল করে ঢুকছে যুক্তরাষ্ট্রে।
সংবাদে বলা হয়েছে, দালালকে মোটা অংকের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে ভারতীয়রা মেক্সিকো অথবা কানাডায় অবতরণের পরই সেন্ট্রাল আমেরিকার দেশসমূহের মানুষের মিছিলে ঢুকে পড়ছে এবং নিজ দেশে নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশী হচ্ছে শিখ সম্প্রদায়ের লোক। তারা ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস হয়ে শিকাগো অথবা নিউইয়র্ক অঞ্চলে পাড়ি জমাচ্ছে বলে কম্যুনিটি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন বিদেশীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরো বেশি থাকলেও সাম্প্রতিক মাসসমূহে অনেকের এসাইলাম মঞ্জুর হয়েছে অথবা ওয়ার্ক পারমিট মিলেছে।



