
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সিনেটর চাক শুমার।
গোটা বিশ্বের রোষানল থেকে নিজেদের রক্ষায় ইসরায়েলের নেতৃত্ব পরিবর্তনের দাবি জানালেন ইউএস সিনেটের লিডার এবং আমেরিকায় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত জুইশ সিনেটর চাক শুমার। বৃহস্পতিবার সিনেটে প্রদত্ত বক্তব্যে নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার গভীর হতাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চরম ডানপন্থি মন্ত্রিসভার কার্যক্রমে। সাম্প্রতিক সময়ে তাদের আচরণে গোটা বিশ্ব বেনিয়ামিনসহ পুরো মন্ত্রিসভাকে পরিত্যক্ত করতে যাচ্ছে। কেউই তাদের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে বলে প্রতিয়মান হচ্ছে না। এহেন অবস্থায় ইসায়েলিদের উচিত হবে নতুন নেতৃত্ব বাছাইয়ের। এজন্যে দরকার পুনরায় নির্বাচনের।
শুমার বলেন, আমি বিশ্বাস করি যে, যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন নির্বাচনের আয়োজন করা ইসরায়েলিদের যুদ্ধোত্তর ভবিষ্যতের জন্যে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার সুযোগ দেবে।
শুমারের এই আহবান ইসরায়েলের কাছে সবচেয়ে স্পষ্ট বার্তা চিহ্নিত করে যে, গাজায় নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার বিষয়ে হতাশা ফুটে উঠেছে এবং মার্কিন সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রায়ই প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর আচরণে হতাশা ব্যক্ত করেছেন। যদিও প্রকাশ্যে এমন অভিমত পোষণ করেননি। গাজায় অসহায় শিশু-নারী-পুরুষ হত্যায় পরিচালিত সামরিক অভিযান স্থগিতের আহবান জানাচ্ছে বাইডেন প্রশাসন। অন্তত: পবিত্র এই রমজানের কথা বিবেচনা করে মানবিক যুদ্ধ বিরতি এবং গাজায় ত্রান-সামগ্রি পৌছানোর পথ সুগম করতে যুদ্ধ বিরতির প্রত্যাশা করেছিলেন বাইডেন। কিন্তু ন্যূনতম পাত্তা দেননি নেতানিয়াহু। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র তার সামরিক হেলিকপ্টারে ত্রাণ সামগ্রি বিতরণের পদক্ষেপ নিয়েছে। সেটিও নিরঙ্কুশ বাধামুক্ত বলে হোয়াইট হাউস মনে করছে না। অর্থাৎ বাইডেন প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়েই গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে নেতানিয়াহু। এ অবস্থায় হতবাক চাক শুমারসহ ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুরা। হতাশা থেকেই ক্ষোভের সঞ্চার ঘটছে-যা ইসরায়েলকে অনিশ্চিত একটি পরিস্থিতিতে নিপতিত করছে বলে মনে করা হচ্ছে।



