
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্যারিস্টার সুমন
যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আক্ষেপ করেছেন, মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চাই। আর এ অভিযানে আপামর জনতার সাপোর্ট পেয়েছি ইতিমধ্যেই উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করে সরকারকে ১ হাজার কোটি টাকা ফিরিয়ে দিলেও সরকারের পক্ষ থেকে কোন পুরস্কার পাইনি। ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, একজন ৩’শ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি দুদিন আগে উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই ৩’শ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মানের জন্য নূর আলীর বোরাক রিয়েল এষ্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে ৭’শ কোটি টাকা আটকিয়ে রেখেছিল। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই ৭’শ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে। আপনি বাংলাদেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন স্বাভাবিকভাবে মনে মনে প্রত্যাশা করবেন কোন না কোন একটা পুরস্কার দেবে সরকার। কিন্তু আমার ১৪ বছরের কর্মকান্ডে পুরস্কার তো দুরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি। মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষজন। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা।
২০ মার্চ বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক সংবর্ধনায় ব্যারিস্টার সুমন এমপি দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’। আল্লাহ ছাড়া আমারে কেউ সম্মানিত করেন না। বিধাতা যাকে সম্মানিত করেন তাকে মানুষ সম্মান দিল কিনা তাতে কিছু যায় আসে না বলে উল্লেখ করেন তরুণ এই সংসদ সদস্য ।
ব্যারিস্টার সুমন বলেন, এলাকার উন্নয়নের জন্য গত দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোন এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। সুমন এমপি বলেন, এটা তো আমার বাপের টাকা না। আমি যে বরাদ্দ পেয়েছি এটা তো আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার অংকের কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে।
তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে বলেন, সেখানে কোন তহবিল তছরুপের কোন ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। তিনি মার্কিনিদের মতো আন্তর্জাতিকমানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান।
মইনুল ইসলামের সঞ্চালনায় এ সংবর্ধনা সমাবেশে আরো বক্তব্য দেন প্রবীন আইনজীবি মোহাম্মদ এন মজুমদার।



