
বিশেষ সংবাদদাতা | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি না হলে নভেম্বরের নির্বাচনে ব্যালট শুন্য রাখার সংকল্প ব্যক্ত করা হয় ইফতার-পূর্ববর্তী সংক্ষিপ্ত আলাপ-চারিতায়। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের স্থায়ী চুক্তি না হলে সামনের নভেম্বরে জাতীয় নির্বাচনের ব্যালট শুন্য রাখার অভিনব এক প্রতিবাদ কর্মসূচির সমর্থনে বাংলাদেশি আমেরিকানরা সরব থাকবে। অর্থাৎ ব্যালটে কাউকেই ভোট দেয়া হবে না। সাদা ব্যালট স্ক্যানের পর বাক্সে ঢুকিয়ে দেয়া হবে। এ সংকল্প ব্যক্ত করা হলো ২৪ মার্চ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে। এতে সহস্রাধিক রোজাদারের সমাগম ঘটেছিল। জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মীর্জা আবু জাফর বেগ মোনাজাত পরিচালনা করেন। বিশাল মঞ্চের এক পাশে ফিলিস্তিনের পতাকার নীচে ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ এবং মধ্যিখানে ‘পীচ’ লেখার সামনে মাওলানা আবু জাফর বেগের মোনাজাতের আগে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরীও সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতাকে রুখে দেয়ার জন্যে।
এ মাহফিলে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রধান মো. আব্দুর রব মিয়া এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। প্রসঙ্গত: উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের পরিবর্তে প্রকাশ্যে ইসায়েলকে সামরিক সরঞ্জামসহ অর্থ সহায়তা দেয়ায় প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মুসলিম আমেরিকানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে হোয়াইট হাউসে আসন্ন ইফতার মাহফিল বর্জনের হুমকি দিয়েছেন। মুসলিম অধ্যুষিত স্টেটসমূহে সভা-সমাবেশ করা হচ্ছে নভেম্বরের নির্বাচনে বাইডেনকে ভোট না দেয়ার জন্যে। তবে তারা ট্রাম্পকেও ভোট দেবেন না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি করতে বাইডেন সক্ষম না হলে ব্যালট শুন্য রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির সমর্থনে নিউইয়র্ক অঞ্চলের প্রবাসীরাও কাজ করছেন।



