
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মা আর ছোট ভাইয়ের সামনেই নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ ঝরলো বাংলাদেশি উইন রোজারিয়ো (১৯)র। ২৭ মার্চ বুধবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে ওজোনপার্কে ১০৩ স্ট্রিট এবং ১০১ এভিনিউর বাসায় এই মর্মান্তিক ঘটনার সংবাদে গোটা কম্যুনিটি ক্ষুব্ধ। নিহত উইনের মা ইভা কোস্টা (৪৯) গণমাধ্যমে অভিযোগ করেছেন যে, তার ছেলে পুলিশের দিকে কাঁচি হাতে ধাওয়া করেনি। পুলিশের বডি ক্যামেরা পরীক্ষা করলেই তা স্পষ্ট হবে। অপরদিকে, সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঐ বাসা থেকে উইন পুলিশের হটলাইনে (৯১১) কল করে দ্রুত পুলিশের সহায়তা চায়। দুই মিনিটের মধ্যেই টহল পুলিশ ঐ বাসায় যায় পরিস্থিতি অবলোকনের জন্যে। পুলিশের চীফ অব পেট্রল জন ছেল জানান, অকুস্থলে পৌঁছার পর উইনের মানসিক সকটের চরম অবনতি ঘটে। পুলিশ চেষ্টা করছিল তাকে নিয়ন্ত্রণে এনে নিকটস্থ হাসপাতালে নিতে। কিন্তু উইন হাতের কাছে একটি ড্রয়ার থেকে (সম্ভবত কিচেন রুমে) ধারা কাঁচি বের করে পুলিশের দিকে ধেয়ে আসছিল।
চিফ অব পেট্রল আরো উল্লেখ করেন, উইনকে শান্ত করতে ব্যর্থ হলে কর্তব্যরত দুই পুলিশ অফিসারই প্রথমে তাকে থামানোর প্রক্রিয়া অবলম্বন করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে আরো কয়েকটি কাঁচি হাতে নিয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করেন। সে সময়েই পুলিশ তাকে গুলি করতে বাধ্য হয়। গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আরো দাবি করা হয় যে, উইনের ছোট ভাই উৎস রোজারিয়ো (১৭) তাদেরকে জানিয়েছে যে, উইন মানসিকভাবে সুস্থ ছিল না। কদিন আগেও নাকি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পুলিশ আরো দাবি করেছে যে, উইনকে ঠেকাতে পুলিশ অফিসারদ্বয় টেজার (আত্মরক্ষার প্রাথমিক অস্ত্র) প্রয়োগের চেষ্টা করলে তার মা সেটি প্রতিহত করেন। অবশ্য পুলিশের এ দাবি সত্য নয় বলে উল্লেখ করেছেন ইভা কোস্টা। ইভা জানিয়েছেন, উইন পুলিশের কাছে ধরা দিতে চায়নি। সে তাকে জড়িয়ে ধরে পুলিশের হাত থেকে বাঁচানোর আকুতি জানিয়েছিল।
ইভা কোস্টা বলেছেন যে, তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হলো। তিনি এর বিচার দাবি জানিয়েছেন। ইভা বলেন, উইন মার্কিন সেনাবাহিনীতে ভর্তির অপেক্ষায় ছিলেন। ইন্টারভিউতে টিকে গেছেন। মানসিকভাবে সে সুস্থ না থাকলে ইন্টারভিউতে টিকে কীভাবে? উল্লেখ্য, উইনের বাবা ফ্রান্সিস রোজারিয়ো (৫২) জেএফকে এয়ারপোর্টে কাজ করেন। এই দুর্ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন। সংবাদ পেয়ে দ্রুত বাসায় ফিরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। গাজীপুরের সন্তান ফ্রান্সিস সপরিবারে যুক্তরাষ্ট্রে এসেছেন ২০১৪ সালে। স্বামী-স্ত্রী উভয়েই জেএফকে এয়ারপোর্টে চাকরি করেন। তারা পরিবারের জ্যেষ্ঠ সন্তানের এহেন মৃত্যুর জন্যে দায়ী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই সংবাদ জেনে জ্যাকসন হাইটস সংলগ্ন লুথারেন চার্চের প্যাস্টর জেমস রয় ওজোনপার্কে উইনের মা-বাবা-ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছেন বুধবার সন্ধ্যায়। কিন্তু পুলিশী তৎপরতা অব্যাহত থাকায় সরাসরি কারো সাক্ষাৎ পাননি।
জেমস রয় এ সংবাদদাতাকে জানান যে, মাঝেমধ্যেই মা-বাবার সাথে উইনকেও চার্চে দেখেছি। আমি তাকে শিশুকাল থেকেই দেখছি। মানসিকভাবে সামান্য অসুস্থ ছিলেন। ৬ মাস আগেও সে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারপর তাকে কখনো অস্থিও হয়ে কোন বাজে কাজে লিপ্ত হতে দেখিনি বা শুনিনি। তার এই অকাল মৃত্যুকে মেনে নেয়া যায় না। আমি নিজেও তাকে মার্কিন সেনাবাহিনীতে যোগদানের অনুরোধ জানিয়েছি। কারণ তার শরীর-কাঠামো অত্যন্ত উপযোগী সেনাবাহিনীতে তড়তড় করে উপরে উঠার ক্ষেত্রে।
উইনের ছোটভাই উৎস জানায়, মাসে একবার করে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তো। অন্যসময় সে খুবই ভদ্র ও নম্র থাকতো। তার লক্ষ্য ছিল মার্কিন সেনাবাহিনীতে ভর্তি হওয়ার। নিউইয়র্ক সিটির জন এডামস হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনকারি উইন সেনাবাহিনীতে ভর্তি হওয়া নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। বিলম্ব সইছিল না। সে কারণে সে ওষুধও নিয়মিত গ্রহণ করছিল না।
সর্বশেষ সংবাদ অনুযায়ী এনওয়াইপিডির ফোর্স ডিভশন ইউনিটের পক্ষ থেকে এই হত্যাকান্ডের তদন্ত শুরু হয়েছে। ঐ দুই পুলিশ অফিসারের বডি ক্যামেরার ফুটেজ রিলিজ করা হলে প্রকৃত তথ্য সহজেই উদঘাটিত হবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই অভিযুক্ত দুই অফিসারের অস্ত্র কেড়ে নেয়া হয়েছে। পুলিশের চীফ অব পেট্রল জন ছেল আরো জানান, আমাদের ঐ দুই অফিসার দ্রুত ঐ বাসায় গিয়েছিল জরুরি সহায়তার অভিপ্রায়ে। এমনি অবস্থায় তরুণটির মৃত্যু হওয়া খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এটা উইনের পরিবার এবং আমাদের পুলিশ বাহিনীর জন্যেও খুবই কষ্টের। কারণ, আমরাও তো মানুষ। ওরা এসেছিল উইনের ডাকে সহায়তা করতে। তারা কখনোই কোন ধরনের চাপ প্রয়োগে আগ্রহী ছিলেন না। উইন যদি সাড়া দিতেন তাহলে এমন পরিস্থিতির অবতারণা হতো না।



