
যুুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কারের জন্যে নমিনেশন পেলেন কবি ও বহুমাত্রিক লেখক হাসানআল আব্দুল্লাহ। তাঁকে এই নমিনেশন দিয়েছেন পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রেসিডেন্ট। ওদিকে পুরস্কার কমিটিও এক ইমেল বার্তায় কবিকে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই পুরস্কার ঘোষণা করা হবে জুলাই মাসে।
উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলো হলো হোমার পুরস্কার (২০১৬) ও ক্লেমেন্স জেনেস্কি পুরস্কার (২০২১)। তাছাড়া তিনি নিউইয়র্ক কালচারাল এফেয়ার্স থেকে পেয়েছেন অনুবাদ গ্রান্ট (২০১৯) ও নতুন ধারার স্বতন্ত্র সনেটের জন্যে লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার (২০১৩), পুশকার্ট পুরস্কারের জন্যে নমিনেশন পেয়েছেন তিনবার, ২০০৭ সালে তিনি কুইন্স বরো পোয়েট লরিয়েট ফাইনালিস্ট-এর গৌরব অর্জন করেন। সাহিত্যের নানা শাখায় কবি হাসানআল আব্দুল্লাহর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশের অধিক।
দুইখন্ডে প্রকাশ পেয়েছে তাঁর ‘কবিতাসমগ্র’ (অনন্যা)। দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তাঁর বই ‘কবিতার ছন্দ’ (বাংলা একাডেমি)। তিনি সম্পাদনা করেছেন ‘বিশশতকের বাংলা কবিতা’ (মাওলা), ও ‘ওয়ার্ল্ড পোয়েট্রি অন্থোলজি’ (ডার্কলাইড পাবলিশিং)। অনুবাদ করেছেন ‘কনটেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি’ (ফেরল প্রেস)। তাঁর নিজের কবিতা অনূদিত হয়েছে বারোটি ভাষায়, স্থান পেয়েছে আঠারোটি আন্তর্জাতিক এন্থোলজিতে। তিনি আমন্ত্রিত কবি হিসেবে যোগ দিয়েছেন চীন, গ্রীস, পোল্যান্ড, ভারত, কানাডা, মেক্সিকো, ও কেনিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে।
যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে এ পর্যন্ত স্থান পেয়েছে তাঁর লিখিত ২৭টি গ্রন্থ। নিউইয়র্কে সপরিবারে বসবাসরত হাসানআল আব্দুল্লাহর ‘শব্দগুচ্ছ’ কবিতাপত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক সিটি হাইস্কুলের গণিত ও কম্পিউটার বিষয়ে সিনিয়র শিক্ষক।



