
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে

বক্তব্য দিচ্ছেন অসীম কুমার উকিল। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্কে তিন এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের এক সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এটাই অবধারিত সত্য। ছাত্রলীগ হলো নেতা তৈরীর কারখানা। বাংলাদেশের যা কিছু ইতিহাস-ঐতিহ্য, সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এতদূর এসেছি। সাবেক এমপি অসীম কুমার উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবেই। খুব কঠিন কোন কাজ করতে হবে না, এদেশে কষ্টার্জিত অর্থ লিগ্যাল চ্যানেলে পাঠালেও বড় একটি সহযোগিতা হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীর সভাপতিত্বে ‘জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভার সঞ্চালনা ও পরিচালনা করেন যৌথভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী।
বিশেষ সম্মানীত অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, অসীম কুমার উকিলের মত দাপুটে নেতার নেতৃত্বে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার স্মৃতিচারণ করলেন সকলে। সোনালী অতীত রোমন্থন করলেন। এ অবস্থায় আমি শুধু এটুকুই বলবো আজকের মতো মাঝেমধ্যেই আপনারা একত্রিত হবেন। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা এলে সে উপলক্ষ করে আবার কখনো কখনো কেন্দ্রীয় নেতাদের ছাড়াই একত্রিত হবেন, প্রাণ খুলে মতবিনিময় করবেন। কারণ, যখন বিদেশে আসি, আমেরিকা বলেন ইউরোপ বলেন, সব জায়গাতেই বাঙালিদের মধ্যে অনেক মতভেদ। এমনকি একই আদর্শের লোকজনের মধ্যেও বিভেদ দেখছি। মুজিব আদর্শে উজ্জীবিতরাও তিন/চার গ্রুপে বিভক্ত। এমন বিভক্তি আমাদের জন্যে ক্ষতিকর। এমন বিভক্তি/কোন্দলের কারণে বাংলাদেশ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে-তা সকলেই বুঝতে পারছেন। ফরিদা ইয়াসমিন বিশেষভাবে উল্লেখ করেন, আপনারা প্রত্যেকেই একেকজন রাষ্ট্রদূত। আপনাদের চালচলনের মধ্যদিয়েই বহুজাতিক এ সমাজে বাংলাদেশ আরো উজ্জ্বল হয়ে উঠছে। বাংলাদেশ উদ্ভাসিত হয়। অতএব আপনারা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সে কাজে আপনারা প্রত্যেকেই একেকজন সৈনিক। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত করে এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রুপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। সে আলোকে আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আপনারা ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরেন নানা ভাবে। ফরিদা ইয়াসমিন বলেন, যে যখোনই বাংলাদেশে যান না কেন, সকলেই অবাক হবেন বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন দেখে। বাংলাদেশ আজ কোথায় গেছে, অকল্পনীয় উন্নয়নসাধিত হয়েছে। এটা অনেকে স্বীকার করতে চায় না। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন। তাই আপনারা দয়া করে এমন বিভ্রান্তি কাটিয়ে উঠতে আন্তরিকতা নিয়ে কাজ করবেন। ভুল ভাঙ্গিয়ে দেবেন। জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন একজন বক্তারা রেশ টেনে আরো বলেন, আপনারা ঠিকই বলেছেন যে, সোস্যাল মিডিয়ায় আমরা সরব না, আসলেই সরব না। জামায়াত-বিএনপিরা যেভাবে তাৎক্ষণিক পোস্ট দেয়, কাল্পনিক অভিযোগের ভিত্তিতে প্রতিবাদ করে, বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধু কন্যার বিপক্ষে, বঙ্গবন্ধুর বিপক্ষে নানা রটনা রটায়, তার যথাযথ প্রতিবাদ জানাতে আমরা খুব সময়ই সোচ্চার থাকি। ফরিদা ইয়াসমিন বলেন, কতবড় দু:সাহস, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাকে নিয়েও কুৎসা রটানো হচ্ছে। যে ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন শেখ হাসিনা, সেই ডিজিটালের অপব্যবহার করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বক্তব্য দিচ্ছেন ফরিদা ইয়াসমিন এমপি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। তিনি টুঙ্গিপাড়ায় মাজারে শায়িত আছেন। কিন্তু তার আদর্শের যারা মুজিব সৈনিক, তারা দেশের সীমানা পেরিয়ে যে যেখানেই আছেন, তার রক্তের উত্তরসূরি না হলেও আদর্শের উত্তরসূরিরা জেগে আছে। আজকের এ সভা থেকে পিতাকে বলতে চাই, পিতা আপনি শান্তিতে ঘুমান। আপনার সৈনিকেরা জেগে আছে পৃথিবীব্যাপি। জাতিরজনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় গর্ব করে বলেন আমি একজন ছাত্রলীগের কর্মী ছিলাম। সেই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতে সকলে এখনো গর্ববোধ করেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যখন সভা-সমাবেশে বলেন, আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলাম, তার সেই যে ফিলিংস তা কিন্তু ভাষায় প্রকাশ করার মত কোন সুযোগ থাকে না। এটা অনুভূতিরই বিষয়। আমরা ছাত্রলীগের মূলনীতিতে বলি, ‘শিক্ষা শান্তি প্রগতির পথে আমরা মুজিবের সৈনিক, কাঁপিয়ে তুলবো সারা চলাচল, কাঁপাবো দিক্বিদিক। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এই গানটির মর্মবানীতে সেই কথাটি নিহিত রয়েছে।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল চক্রবর্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, সম্পাদকমন্ডলীর সদস্য কাজী কয়েস, সোলায়মান আলী, এডভোকেটস শাহ বখতিয়ার, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি শেখ আতিক, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুবল দেবনাথ প্রমুখ। দিনভর প্রবল বর্ষণ আর দমকা হাওয়া সত্বেও উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটেছিল এ অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য আলোকে স্লোগানে মুখরিত করেন পার্টি হল।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম। এবং গীতা থেকে পাঠ করেন শ্যামল চক্রবর্তী। এরপর মূল আলোচনার প্রারম্ভে জাতীয় সঙ্গিতে অংশ নেন সকলে। সভাপতির সমাপনী বক্তব্যে নিজাম চৌধুরী বলেন, ঝড়-বৃষ্টি সত্বেও অনুষ্ঠানকে ব্যাপকভাবে সাফল্যমন্ডিত করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই চেতনায় যুক্তরাষ্ট্রে কাজ করে যেতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি পর্বে। যুক্তির আলোকে রুখতে হবে বিএনপি-জামায়াত শিবিরের অপপ্রচারণা।



