
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

এফ আলী ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বিভিন্ন জাতিগোষ্ঠির সম্মিলন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটির সাউথ ব্রঙ্কসে ওরায়ন মিলনায়তনে এফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও প্রবাসে আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংস্থার সভাপতি শাহজাহান শেখের সভাপতিত্বে ইফতার-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে নিউইয়র্ক স্টেট গভর্ণরের প্রতিনিধি (ব্রঙ্কস ডিরেক্টর) ফিডেল মিলেনা জানান যে, গভর্ণর এই সিটির জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমানাধিকার নিশ্চিতে অঙ্গিকারাবদ্ধ।
এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সকলের সম্মিলন ঘটানোর গুরুত্বারোপও করেন। তাহলেই সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে বলে গভর্ণর মনে করেন। হাফিজ ইউসুফ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পবিত্র রমজানের তাৎপর্য আলোকপাত করেন ইমাম বাকারি এবং টি নাদু। ব্রঙ্কস কাউন্টি কম্যুনিটি বোর্ড-১ এর চেয়ারপার্সন ক্লারিসা অলোটু সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সকলকে পরস্পরের সহযোগী হয়ে কাজের আহবান জানান। হিসপ্যানিক কম্যুনিটির লিডার আয়ুআরি মঙ্গেল জাতিগত বৈষম্য দূরে ঠেলে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ব্রঙ্কস প্রতিষ্ঠার আহবান জানান। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কম্যুনিটি লিডার গিয়াসউদ্দিন, আতিকুর রহমান ফারুক, নূরনবী, আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষাবিদ আবু ইসা বকর।



