
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ২৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
যুক্তরাষ্ট্র বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার চক্রান্ত করেছে বাংলাদেশের সরকার। এজন্যে তাকে সুচিকিৎসার জন্যে বিদেশে আনার আবেদন অগ্রাহ্য করা হচ্ছে। এ অবস্থায় যদি তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর কিছু হয় তাহলে সে দায় শেখ হাসিনা এবং তার সরকার কোনভাবেই এড়াতে পারবে না।
যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার এ সমাবেশের সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মধ্যদিয়ে।
আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন ভুইয়া, রিতা রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, এম এ বাতিন, সৈয়দা মাহমুদা শিরিন, জাহাংগীর সোরওয়ারদী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন যে, জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনা ও তার সরকার বাংলাদেশকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। যারাই প্রতিবাদ করেন তাদেরকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে। বলা যেতে পারে বাংলাদেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করা হয়েছে।



