
বিশেষ সংবাদদাতা | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

জেনেট রোজারিও। ছবি-সংগ্রহ।
সম্পত্তি গ্রাস করার অভিপ্রায়ে বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় শুলপুর গ্রামে ৭২ বছর বয়েসী চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যা মামলায় নিউইয়র্কে এফবিআই কর্তৃক ৪ এপ্রিল গ্রেফতার হয়েছেন বাংলাদেশি আমেরিকান জেনেট রোজারিও (৫২)। উল্লেখ্য, মাইকেল রোজারিও-ও যুক্তরাষ্ট্রের সিটিজেন ছিলেন। চাচা-ভাতিজা উভয়েই ব্রঙ্কসে বাস করতেন। যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অপরাধ দপ্তরের প্রধান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এটর্নী জেনারেল নিকোল এম আরজেন্টিয়ারি এ প্রসঙ্গে জানান, মুন্সিগঞ্জে দায়েরকৃত মামলা অনুযায়ী খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই যুক্তরাষ্ট্রের সিটিজেন। যখন একজন আমেরিকান আরেকজন আমেরিকানকে হত্যা করে, সেটি যেখানেই হউক না কেন, ঘাতককে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতেই হবে। অপরাধ তন্তকারি সংস্থা এই হত্যা মামলার সরেজমিনে তদন্ত শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বনে বদ্ধ পরিকর। সে আলোকেই নিউইয়র্ক এবং লসএঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির গতিবিধি অবলোকনের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতায় নিউইয়র্কে এনে ৪ এপ্রিল গ্রেফতার দেখিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়। মামলার (24 CRIM 185 ) বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন রাতে জেনেট রোজারিও বন্দুকের গুলিতে হত্যা করেন মাইকেল রোজারিওকে। এই হত্যাকান্ডের ঘন্টাখানেক আগে ঐ জমি নিয়ে এক সালিশ-বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন জেনেট। হত্যাকান্ডের পরই স্থানীয় পুলিশ কর্তৃক বন্দুকসহ গ্রেফতার হয়েছিলেন জেনেট। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নয়ন রোজারিও সে সময় গণমাধ্যমে বলেছিলেন, গ্রামের এক খন্ড জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই। সেই বিরোধের নিষ্পত্তির জন্যে উভয়ে সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে যে, জেনেটের পাসপোর্ট আটক এবং জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে। এফবিআই বিক্রমপুরে আরো তদন্ত চালাচ্ছে। এরপরই বিচার শুরু হবে। মুন্সিগঞ্জের আদালতে কী হচ্ছে সেটিও নজরে রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।



