
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে

দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে মগজ বেরিয়ে পড়ার ৩ দিন পর ১০ এপ্রিল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন জাকির হোসেন খসরু (৭৬)। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে ৭ এপ্রিল অপরাহ্নে খসরুকে হামলা করা হয়েছিল। দুর্বৃত্তটি ধাক্কা দেয়ার পরই খসরুর কংক্রিটের রাস্তায় পড়ে যান এবং তার মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেছিল। অচেতন অবস্থা থেকে আর চৈতন্য ফিরে পাননি খসরু। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।
খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে জানান, জামালপুর জেলা সদরস্থ পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম মোহাম্মদ হুসেনের পুত্র খসরুর জানাযা হচ্ছে ১১ এপ্রিল দুপুর ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপরই নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, নিহত খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলি হচ্ছেন শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।
এদিকে, দিন-দুপুরে অকারণে খসরুকে মুসলিম বিদ্বেষী গালমন্দ শেষে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় কম্যুনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। এ প্রসঙ্গে খ্যাতনামা এটর্নী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতার কাছে প্রচন্ড ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একইসাথে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর সাথে যোগাযোগ করে এই হত্যাকান্ডকে হেইট ক্রাইম হিসেবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন এটর্নী মঈন চৌধুরী।



