
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি হাজী নজমুল চৌধুরী ৭৬ বছর বয়সে ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ম্যাথডিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর ঘনিষ্ঠ আত্মীয় কাজী আজম এ তথ্য নিশ্চিত করে জানান যে, কম্যুনিটির প্রিয়-পরিচিত নজমুল চৌধুরী বেশ ক’বছর থেকেই কিডনিসহ নানাবিধ জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিয়ানিবাজারের সন্তান এবং চিরজীবনের জন্যে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী হাজী নজমুলের জানাযা নামাজ অনুষ্ঠিত হয় একইদিন বাদ মাগরিব ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে। মঙ্গলবার তাকে দাফন করার কথা লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল মুসলিম গোরস্থানে।
হাজী নজমুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিবৃতিতে তারা বলেন, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে দেশ ও প্রবাসে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে অধিষ্ঠিত করতে আজীবনের লড়াকু সৈনিক নজমুল মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে কোন অপতৎপরতা রুখে দিতেও সাধ্যমত সচেষ্ট ছিলেন। একাত্তরের ঘাতকদের বিচারের আন্দোলনেও এই প্রবাসে সম্মুখসাড়িতে থাকা নেতৃবৃন্দের অন্যতম ছিলেন।
ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেছেন, বৃহত্তর সিলেটের যে কোনো দাবি-দাওয়ার ব্যাপারে তিনি সবসময় সরব ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।



