
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সকল অতিথিকে পাশে নিয়ে নিউইয়র্কে দুদিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’র উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্কে দুদিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’র উদ্বোধনকালে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি বলেন, ‘বলতে দ্বিধা নেই যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকান্ডে সার্বক্ষণিক পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আজকের এ আয়োজনের সংবাদ জেনে তিনি খুবই আনন্দিত হবেন। কারণ এই উৎসবে হৃদি হকের ‘১৯৭১-সেই সব দিন’সহ বেশ কিছু সরকারী অনুদানের চলচ্চিত্র রয়েছে, যেগুলো বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, করবে, যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলাদেশি চলচ্চিত্রও এগিয়ে যাবে। জয় হউক বাংলা চলচ্চিত্রের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সকলকে নিয়ে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করছি।’
এ সময় বাংলাদেশ ও কলকাতা থেকে আসা কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছাড়াও ফেরদৌসের পাশে ছিলেন প্রবাসের বিদগ্ধজনেরা। ২০ এপ্রিল শনিবার সকালে শুরু এ উৎসবে রোববার রাত নাগাদ ৩৯টি ফিচারফিল্ম, ডক্যুফিল্ম এবং শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বাংলা চলচ্চিত্রকে বহুজাতিক সমাজে বাঙালি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করার অভিপ্রায়ে এ আয়োজন করেছে ‘সুচিত্র সেন মেমরিয়্যাল ইউএসএ। ঢাকা থেকে আরো এসেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, চলচ্চিত্র নির্মাতা হৃদি হক, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী বণ্যা মির্জা ও সোহানা সাবা এবং জার্মানী থেকে এসেছিলেন ‘একুশে পুরস্কারপ্রাপ্ত’ সাহিত্যিক নাজমুননেসা পিয়ারি।



