
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতিস্থল বাফেলো-তে ২৭ এপ্রিল শনিবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ ও বাবুল নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাফেলো পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরী স্ট্রিট ও বেলী এভিনির কর্ণারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন নিহত ব্যক্তিরা। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং অকুস্থল থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বাফেলো-তে বসবাসরতে কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু রোববার ভোররাতে টেলিফোনে এ সংবাদদাতাকে জানান, নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং আরেকজন কুমিল্লার বাবুল (৪৩)। তারা এক বাংলাদেশীর বাড়ির সংস্কারের কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন। এতে কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বসতি স্থাপনকারি অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। কম্যুনিটির নিরাপত্তা নিয়ে কোন ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে।
কম্যুনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু গভীর রাতে এ সংবাদদাতাকে বাফেলো থেকে আরো জানান, আমরা রোববার দুপুরে ৯৯৫ ফিলমোর এভিনিউতে জড়ো হয়ে এহেন হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবো। বাফেলোস্থ ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমনি অবস্থায় কঠোর পরিশ্রমী কম্যুনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার।



