
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেটের বাফেলোতে শনিবার ভর দুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশী আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং বাবুল মিয়ার ঘাতকের গ্রেফতার দাবিতে কম্যুনিটিতে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। এ দাবিতে স্থানীয় সময় রোববার অপরাহ্নে বাফেলোর ৯৫৫ ফিলমোর এভিনিউতে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়া হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি থেকে ২৯০ মাইল দূর কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বাংলাদেশীদের নতুন বসতিস্থলে ২৭ এপ্রিল শনিবার দুপুরে নিজ বাড়ি সংস্কারের সময় উপরোক্ত দুই প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়। বাফেলো পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরী স্ট্রিট ও বেলী এভিনির কর্ণারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন নিহতরা। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং অকুস্থল থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাফেলো-তে বসবাসরতে কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু রোববার এ সংবাদদাতাকে জানান, নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং আরেকজন কুমিল্লার বাবুল মিয়া(৪৩)। এতে প্রবাসীদের মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।
কম্যুনিটির নিরাপত্তা নিয়ে কোন ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে। কম্যুনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু এ সংবাদদাতাকে বাফেলো থেকে আরো জানান, এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে প্রশাসনের কাছে। বাফেলোস্থ ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এ অবস্থায় কঠোর পরিশ্রমী কম্যুনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার।
জানা গেছে, বাবুল মিয়া ম্যারিল্যান্ডে সপরিবারে বাস করলেও অতি সম্প্রতি বাফেলোতেও বাড়ি কিনেছেন। অপরদিকে আবু সালেম মো. ইউসুফ গত ডিসেম্বরে পাড়ি জমিয়েছেন বাফেলোতে স্থায়ীভাবে বসবাসের জন্যে স্ত্রী এবং ২ কন্যাসহ।



