
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

কন্সাল জেনারেলের কোলে বাফেলোতে নিহত আবু ইউসুফের সন্তান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়ার সাথে সাক্ষাৎ করে আবু ইউসুফ ও বাবুল মিয়াকে হত্যা পরবর্তী প্রসঙ্গ এবং কম্যুনিটির নিরাপত্তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা। ১ মে তিনি বাফেলো সিটিতে আবু ইউসুফের পরিবারের সাথেও সাক্ষাৎ করে সমবেদনা ও শান্তনা দেন। একইসাথে সম্ভাব্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। দুর্বৃত্তের গুলিতে নিহত অপর প্রবাসী বাবুল মিয়ার লাশ দাফনের জন্যে পরিবারের লোকজন ম্যারিল্যান্ডে যাওয়ায় তাদের সাক্ষাৎ পাননি। উল্লেখ্য, ২৭ এপ্রিল ভর দুপুরে আবু ইউসুফ এবং বাবুল মিয়াকে গুলি করে হত্যা করা হয়। এই বন্দুকধারিকে অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে। তবে কম্যুনিটিতে সৃষ্ট সন্ত্রস্ত অবস্থার পরিসমাপ্তি ঘটেনি। তা নজরে আনেন পুলিশ কমিশনারসহ বাফেলো সিটি প্রশাসনের। তিনি ধন্যবাদ জানিয়েছেন ইতিমধ্যেই গৃহিত বিভিন্ন পদক্ষেপের।
কন্সাল জেনারেল বিশিষ্টজন ছাড়াও সেখানকার গণমাধ্যম কর্মীগণের সাথেও মিলিত হয়ে জোড়া খুন পরবর্তীতে সকলের ভূমিকার প্রশংসা করেন। এ সময় কন্সাল জেনারেল বাফেলো-সহ সমগ্র কম্যুনিটির প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে। কন্সাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, ৩০ এপ্রিল অপরাহ্নে বাফেলো মুসলিম সেন্টারে জানাযা শেষে আবু ইউসুফকে নিকটস্থ মুসলিম গোরস্থানে দাফন করা হয়। অপরদিকে, বাবুল মিয়ার লাশ দাফন করা হয়েছে একইদিন ম্যারিল্যান্ডে।



