
প্রতিদিন ডেস্ক | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনে আকস্মিক এক সফর করেছেন। মঙ্গলবার (১৪ মে) সকালে পোল্যান্ড থেকে ট্রেনে তিনি কিয়েভ পৌঁছান। গত মাসে ইউক্রেনের জন্য হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ছাড় দেওয়ার পর এটাই তাঁর প্রথম সফর। কিয়েভে পৌঁছানোর কিছু পরেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ব্লিংকেন বলেন, কিছু সহায়তা ইতোমধ্যে ইউক্রেনে এসে পৌঁছেছে। আরও সহায়তা শিগগিরই আসবে। খবর দ্য গার্ডিয়ান।
জেলেনস্কি মার্কিন সামরিক সহায়তাকে ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, খারকিভ শহর রক্ষা করতে ইউক্রেনের দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে প্রয়োজন। গত মার্চ থেকে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা বিদ্যুৎকেন্দ্রগুলোয় আঘাত হানছে। খারকিভে বেসামরিক মানুষ, যোদ্ধা– সবাই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে আছেন। এ কারণে অন্তত দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।
বিবিসি লিখেছে, মার্কিন এক শীর্ষ কূটনীতিক ইউক্রেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা নতুন অস্ত্র রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ‘প্রকৃত ব্যবধান’ তৈরি করবে। এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভারী অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ইউক্রেনকে সবচেয়ে বেশি ৪৬ দশমিক ২ বিলিয়নের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে জার্মানি (১০ দশমিক ৭ বিলিয়ন)।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ১৬ মে বেইজিং যাচ্ছেন। নতুন করে রুশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম চীন সফর।



