
বিশেষ সংবাদদাতা | বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

এই জেটটি ১০ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগ্রহ।
মামলার খরচ এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে নিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি বিমান (১৯৯৭ মডেলের সিসনা) বিক্রি করেছেন ১০ মিলিয়ন ডলারে। দৈনিক বীস্ট নামক একটি পত্রিকা ২৮ মে এ তথ্য প্রকাশ করেছে।
উল্লেখ্য, পর্ণ তারকার সাথে যৌণ-সম্পর্কের তথ্য গোপন রাখতে প্রদত্ত ঘুষের মামলাটি জুরিবোর্ডে যাবার প্রাক্কালে ট্রাম্পের এই বিমান বিক্রির তথ্য ফাঁস হলো। আর এটি ক্রয় করেছে টেক্সাসের ইরানি-আমেরিকান মালিকানাধীন একটি কন্সট্রাকশন ফার্ম। ২০২০ সালের নির্বাচনে এই ফার্ম ট্রাম্পকে আড়াই লাখ ডলারের চাঁদা দিয়েছিল। জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাসমূহের আইনজীবীগণের ফি বাবদ ২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ মিলিয়ন ডলার। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার জন্যে সংগৃহিত তহবিল থেকে বেশ কিছু অর্থ এ খাতে ব্যয় করা হয়েছে। বকেয়া পরিশোধ না করলে আইনজীবীরা সরে দাঁড়াতে পারেন আশংকা থেকে নিজের বিমানের একটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী আইনজীবীগণের পাওনার মধ্যে গত মার্চে ৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন ট্রাম্প।
এখন আরো ৭ মিলিয়ন ডলার পরিশোধ করলেই মামলাসমূহে আইনজীবীরা মনোনিবেশ করতে দ্বিধা করবেন না বলে জানা গেছে। বিলিয়নেয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছাড়াও দেওয়ানি মামলার রায়ও রয়েছে। অর্থাৎ ট্রাম্পের দেনার পরিমাণ ক্রমেই বাড়ছে। এমনি অবস্থায় তিনি সামনের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হবার প্রত্যাশা করছেন এবং পুনরায় হোয়াইট হাউজে অধিষ্ঠিত হতে পারলেই এসব মামলাকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন অথবা তার বিরুদ্ধে সাজার রায় হলে সেগুলোও প্রেসিডেন্টের ক্ষমার আওতায় আনবেন বলে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের সমর্থকেরা ইতিমধ্যেই জানিয়েছেন। জানা গেছে, ট্রাম্পের মোট ৯টি প্যাসেঞ্জার জেট ছিল। তার মধ্যে একটি বিক্রি করা হয়েছে। আরো জানা গেছে, মামলার খরচ চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়ায় ২০২২ সালের মার্চে ট্রাম্প তার ৭৮তম জন্মদিনের অনুষ্ঠানে সমর্থকদের কাছে নয়া একটি বিমান ক্রয়ের জন্যে তহবিল চেয়েছিলেন। উল্লেখ্য, ট্রাম্প তার বিলাসি জীবনকে পরিপূর্ণ করার অভিপ্রায়ে ১৯৮৯ সালের জুনে বিমান বহর সাজান। এই বহলে জেটের পাশাপাশি হেলিকপ্টারও আছে। এ বছরের মার্চে ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্পের ব্যক্তিগত অর্থের পরিমাণ ৬.৫ বিলিয়ন ডলার।



