
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

পর্ন তারকাকে চুপ থাকতে ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে ঘুষ দিয়েছিলেন। সেই মামলায় দোষী সাব্যস্ত হলেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। এতে তার দেড় বছর থেকে সাড়ে চার বছরের কারাদন্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের আড়াই শত বছরের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রেসিডেন্টকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। টানা দুদিন আলোচনার পর ১২ সদস্যের জুরি বোর্ড ৩০ মে ট্রাম্পকে ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী বলে রায় দেন।
১১ জুলাই ট্রাম্পের জেল-জরিমানা ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে। নিউইয়র্কের ক্রিমিনাল কোর্ট এই রায়ের সময় ট্রাম্পকে অবহিত করেন যে, তার জামিন গ্রহণের প্রয়োজন নেই। তিনি বাসায় ফিরতে পারেন এবং শাস্তি ঘোষণার দিন আদালতে এলেই চলবে।
উল্লেখ্য, এই প্রথম কোন অপরাধের জন্যে দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পকে হয়তো কারাগারের পরিবর্তে বাসায় থাকার (যদি কারাদন্ড দেয়া হয়) অনুমতি দেয়া হবে। এটর্নী ও আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সের কথা বিবেচনা করে যতটা সম্ভব কম সাজা দিতে পারে ট্রাম্পকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, ১১ জুলাই তাকে শাস্তি ঘোষণার পরও নভেম্বরের নির্বাচনে তিনি লড়তে পারবেন। কারণ, শাস্তির বিরুদ্ধে তিনি আপিলের সুযোগ পাবেন। তবে গুরুতর অপরাধী হিসেবে দন্ডিত হওয়ায় ট্রাম্পের অনেক ভোট কমবে বলে ইতিমধ্যেই বিভিন্ন জরিপে জানা গেছে।
দোষী সাব্যস্ত করার কথা নিউইয়র্ক সুপ্রিম কোর্টের মাননীয় জজ জোয়ান মেরচেন ঘোষণার সময় ট্রাম্প ছিলেন এজলাশে। সে সময় তিনি একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন যে, রাজনৈতিক প্রতিহিংনা চরিতার্থের অভিপ্রায়ে তাকে ফাঁসানো হচ্ছে। আর এ ষড়যন্ত্র হচ্ছে আমেরিকানদের বিরুদ্ধে। নভেম্বরের নির্বাচনে ব্যালটে আমেরিকার ভোটাররা বাইডেনের এমন অপকর্মের জবাব দেবে। উল্লেখ্য, রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের ৪ দিন আগে ট্রাম্পের শাস্তি ঘোষণার তারিখ নির্দ্ধারণ করা হয়েছে। উইসকনসিনে অনুষ্ঠেয় ঐ সম্মেলনেই দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা। ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডা, জর্জিয়া এবং ওয়াশিংটন ডিসিতে আরো ৩টি গুরুতর অপরাধের মামলা চলমান রয়েছে।



