
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা যতই এগিয়ে যাচ্ছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট’র আসন সংখ্যা যতই বেড়ে যাচ্ছে। অন্যদিকে নির্বাচনের প্রচারে বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতার যে প্রচার করে আসছিল তা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভোট গণনার সর্বশেষ হিসাবে, ৫৪৩টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট ২৩৩ আসনে এগিয়ে আছে। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯১টি আসনে এগিয়ে আছে। উল্লেখ্য, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের ২৭২টি আসনে জয় দরকার। সে হিসাবে মোদির বিজেপি ফের সরকার গঠন করতে যাচ্ছে সেটিই প্রতীয়মান হচ্ছে। তবে ইন্ডিয়া জোট ভোটের মাঠে ব্যাপক সাফল্য তা তাদের প্রাপ্ত আসন থেকেই স্পষ্ট। এনডিটিভি।
ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যে, যে দল বা জোট উত্তর প্রদেশের লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই কেন্দ্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। তবে এবার তেমনটা হবে কিনা তা এখনই জানা না গেলেও এ রাজ্যে এগিয়ে আছে বিরোধী জোট ইন্ডিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপির জোট এনডিএ এগিয়ে আছে ৩৫টি আসনে (বিজেপি ৩৩, আরএলডি ২)। বিপরীতে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৪টি আসনে। এ ছাড়া অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র একটি আসন গেছে এই দুই জোটের বাইরে।
ভোট গণনায় এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে এই রাজ্যে ইন্ডিয়া জোট এগিয়েই থাকবে। এর আগের দুই নির্বাচনে বিজেপির জোট এনডিএ এই রাজ্যে বড় জয় পেয়েছিল।
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম পৌনে ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন পর্যন্ত ৫৮ আসনে পিছিয়ে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ২০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯১টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩৩টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২১ আসনে।



