
স্পোর্টস ডেস্ক: | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

গ্যালারি দেখে মনে হয়েছে ম্যাচটি ডালাসে নয় কীর্তিপুরে! টেক্সাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামের প্রায় পুরোটাই নেপাল দর্শকদের দখলে। দলটির জার্সি গায়ে সমর্থকদের চিৎকারে খুঁজে পাওয়া দায় নেদারল্যান্ডসের দর্শকদের।
তবে প্রিয় দলকে সমর্থন জানাতে মাঠে আসা নেপাল দর্শকদের হতাশায়ই পুড়তে হয়েছে। তাদের হৃদয় ভেঙে টি২০ বিশ্বকাপে শুভসূচনা করেছে ডাচরা। ৪ জুন হিমালয়ের দেশটির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে নেদারল্যান্ডস।
গ্রুপ ‘ডি’তে মঙ্গলবার (৪ জুন) অনুষ্ঠিত ম্যাচে ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ৮ বল থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
এই গ্রুপে বাংলাদেশ থাকায় নেদারল্যান্ডস-নেপাল ম্যাচের দিকে চোখ ছিল সবার। এদিন টস করতে নেমেই ইতিহাসের পাতায় ঢুকে গেছেন নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি। রোহিত পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উতসেয়াকে।
২০০৭ বিশ্বকাপে কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জিম্বাবুয়েকে ২২ বছর ১৭০ দিন বয়সে নেতৃত্ব দেন উতসেয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল নেপালকে নেতৃত্ব দেওয়া রোহিতের বয়স ২১ বছর ২৭৬ দিন।
টসে হেরে ব্যাট করতে নামা নেপাল যে একশর বেশি রান করেছে, তা রোহিতের কল্যাণেই। মিডল অর্ডারে তাঁর ৩৭ বলে ৩৫ রান ২০ ওভারের ক্রিকেটের সঙ্গে মানানসই না হলেও দলকে আরও কম রানে অলআউটের হাত থেকে বাঁচিয়েছে। শেষ দিকে গুলশান (১৪) এবং কারানের (১৭) ছোট্ট ইনিংসে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় তারা। ডাচ পেসার ফন বিক ও টিম প্রিঙ্গল তিনটি করে উইকেট নেন।
এ রানের টার্গেট তাড়া করতে নামা ডাচরা দলীয় ৩ রানে হারায় ওপেনার মাইকেল লেভিটকে। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’দুদ ও বিক্রমাজিত সিং শুরুর ধাক্কা সামলে গড়ে ৪০ রানের জুটি। ২২ রান করে বিক্রমাজিত আউট হওয়ার পর রানের চাকা মন্থর হয়ে যায় ডাচদের। তবে ম্যাক্স ও’দুদের ব্যাটিং দৃঢ়তায় নেদারল্যান্ডস বিশ্বকাপে করেছে উড়ন্ত সূচনা। ও’দুদের ব্যাট থেকে আসে ৫৪ রানের ইনিংস।



