Advertisement Placeholder

ক্ষোভ কমাতে জেলেনস্কির সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন বাইডেন

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষোভ কমাতে জেলেনস্কির সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন বাইডেন

সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ না দিলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফ্রান্স ও ইতালিতে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র প্রয়োগের প্রথম ঘটনার কথা জানা যাচ্ছে।

সুইজারল্যান্ডে ইউক্রেন বিষয়ক শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনন্দের কারণ হবে, এমন মন্তব্য করে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলেনস্কি। গোটা বিশ্বের যত বেশি সম্ভব দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন জেলেনস্কি। আগামী ১৫ ও ১৬ জুনের সম্মেলনে আপাতত প্রায় ১৬০টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে। রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে চীন সেই সম্মেলন বর্জন করে অন্যান্য দেশের উপরেও দূরে থাকার চাপ সৃষ্টি করছে বলে জেলেনস্কি অভিযোগ করেছেন। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও চীনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষোভ কমাতে বাইডেন পরপর দুইবার তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। চলতি সপ্তাহে ফ্রান্সের নর্মান্ডিতে এবং তারপর ইতালির বারি শহরে জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য আরও সহায়তার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। জুন মাসের মাঝামাঝি সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের সময় বাইডেন নিজের নির্বাচনি অভিযানের জন্য অর্থ সংগ্রহ করতে হলিউডের তারকাদের সঙ্গে ব্যস্ত থাকবেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্মেলনে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও উপস্থিত থাকবেন।
ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের আরও সহায়তা নিশ্চিত করতে বাইডেন প্রশাসন উদ্যোগ চালিয়ে যাচ্ছে। জি-সেভেন শীর্ষ সম্মেলনে আটক রাশিয়ার তহবিল কাজে লাগিয়ে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার বিষয়ে অগ্রগতির আশা করা হচ্ছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সূত্র অনুযায়ী বাইডেনের ছাড়পত্রের পর ইউক্রেন রাশিয়া সীমান্তের কাছে মার্কিন অস্ত্র প্রয়োগ করে আঘাত হেনেছে। ইউক্রেনের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির উপ-সভাপতি ইয়েহর চেরনেভ-কে উদ্ধৃত করে এনওয়াইটি দাবি করেছে যে, সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার মিসাইল লঞ্চারের উপর আঘাত হানতে মার্কিন হাইমার্স আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই প্রথম ইউক্রেনের কোনও উচ্চপদস্থ কর্মকর্তা এমন হামলার কথা প্রকাশ্যে স্বীকার করলেন।

উল্লেখ্য, রাশিয়া বারবার পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে সতর্ক করেছে। কিন্তু আমেরিকা ও জার্মানিসহ বেশ কিছু পশ্চিমা দেশ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ইউক্রেনকে সেই ছাড়পত্র দিয়ে মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: এএফপি, ডয়েচে ভেলে

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার