Advertisement Placeholder

মোদির শপথগ্রহণ অনুষ্ঠান : যোগ দিচ্ছেন শেখ হাসিনা-মুইজ্জুসহ ৭ দেশের নেতা

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ০৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদির শপথগ্রহণ অনুষ্ঠান : যোগ দিচ্ছেন শেখ হাসিনা-মুইজ্জুসহ ৭ দেশের নেতা

নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের ভোটে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ৯ জুন শপথ নেবেন নরেন্দ্র মোদি।

ভারতের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা।

শনিবার (৮ জুন) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মুইজ্জু, সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্দ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতৃবৃন্দ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য নেতাদের আমন্ত্রণ মূলত তার ‘সবার আগে প্রতিবেশী’ নীতি এবং ‘সাগর’ দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের ইঙ্গিত।
এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ জুন সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন বলে তার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৪০টি আসন পায় বিজেপি। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ২৯০টি আসন পেয়েছে। গত দু’বারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করছে বিজেপি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার