
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনার নেতৃত্বে গত চার টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তবচিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতা-কর্মীদেরকে স্মরণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তি উদযাপনের কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আরো জানান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা-এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদেরকে চিহ্নিত করার উদাত্ত আহবান জানানো হবে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি। এজন্যে সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাহ্ন ৫টায় শোভাযাত্রা বের হবে। তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে। সর্বস্তরের প্রবাসীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, অন্যতম সহসভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম এবং মাসুদুল হাসান, প্রচার সম্পাদক আব্দুল হামিদসহ নেতৃবৃন্দ ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে ২২ জুন সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল)। সেটিও নবান্ন পার্টি হলেই হবে বলে ইতিমধ্যেই ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির সমন্বয় ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, উপদেষ্টা ড. প্রদীপ কর এবং অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।



