
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ২২ জুন ২০২৪ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুলের সাথে আলোচনাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ সেবাধর্মী ব্যবসা ‘হোম কেয়ার’কে রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি গভর্নরকে বলেন, হোম কেয়ারের সিডিপ্যাপ এফআই বন্ধের উদ্যোগ হবে আত্মঘাতী। এতে অ্যাথনিক কমিউনিটির হাজার হাজার মানুষ বেকার হবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন। তিনি সিডিপ্যাপ বন্ধ করে মাত্র একটি পছন্দনীয় অরগানাইজেশনকে হোম কেয়ার লাইসেন্স দেয়ার উদ্যোগ বন্ধের জন্য গভর্নরকে অনুরোধ করেন। স্টেট গভর্নর বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন। গত ২০ জুন ম্যানহাটানের সিভিক সেন্টারে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে গিয়াস আহমেদ এ দাবি উত্থাপন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, হোমকেয়ার ব্যবসায় লাগামহীন অনিয়ম বন্ধের অভিপ্রায়ে স্টেট পার্লামেন্টে নানা তৎপরতা চলছে। স্টেটের ঘোষিত স্বাস্থ্যসেবাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই পরিক্রমায় অনেকের লাইসেন্স হারানোর আশংকা তথা পরিস্থিতির অসহায় ভিকটিম হবার শংকা থেকেই গিয়াস আহমেদ এই অনুরোধ জানিয়েছেন। গিয়াস আহমেদ এ সময় গভর্নরকে বলেন, স্টেট ঘোষিত উদ্যোগ কার্যকর হলে ৬ শতাধিক হোম কেয়ার সিডিপ্যাপ বন্ধ হয়ে যাবে। কমিউনিটির দরিদ্র ও বয়স্ক মানুষগুলো অসহায় হয়ে পড়বেন। গভর্নর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আরো আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি আলবেনীতে গিয়াস আহমেদকে আমন্ত্রণও জানান।
গর্ভনর ক্যাথি হোকুল পুনরায় নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শুরু করেছেন। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানে ক্যাথি হোকুল বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিউইয়র্ক এগিয়ে যাচ্ছে। লক্ষাধিক জব ক্রিয়েট হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।



