
বিশেষ সংবাদদাতা | সোমবার, ২৪ জুন ২০২৪ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে

লগো- আমেরিকান ক্বারি এওয়ার্ড
বাঙালি সংস্কৃতির পরিপূরক তরকারি তৈরীর শিল্পকে নিখুঁতভাবে বহুজাতিক সমাজে বিকশিত ও জনপ্রিয় করতে নিরন্তরভাবে কর্মরত শেফ, রেস্তোরা এবং এ সেক্টরের পেশাজীবীদেরকে পুরস্কৃত করার অভিপ্রায়ে বৃটিশ ক্বারি এওয়ার্ডের অনুকরণে ‘আমেরিকান ক্বারি এওয়ার্ড’ চালু হচ্ছে।
এ উপলক্ষে বিস্তারিত অবহিত করতে ৪ জুলাই তথা আমেরিকার স্বাধীনতা দিবসে নিউইয়র্কে খলিল বিরিয়ানি হাউজের পার্টি হলে (167-20 Hillside Ave., Queens, NY) এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই এওয়ার্ড প্রবর্তনকারি প্রতিষ্ঠান ‘আমেরিকান ক্বারি এওয়ার্ড ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট খলিলুর রহমান ২৩ জুন এ সংবাদদাতাকে জানান, সারাবিশ্বে বিশেষ খ্যাতি অর্জনকারি শেফগণের মধ্য থেকে সেরা শেফ বাছাইয়ের পর নিউইয়র্কের কুইন্সে ‘টেরেস অন্য দ্য পার্কে’ ১০ নভেম্বর জমকালো অনুষ্ঠানে ‘আমেরিকান ক্বারি এওয়ার্ড’ বিতরণ করা হবে। এটি বৃটিশ ক্বারি এওয়ার্ডের মত হবে না। কারণ, এই প্রতিযোগিতায় সারাবিশ্বের শেফরা অংশ গ্রহণের সুযোগ পাবেন। ইতিমধ্যেই নিজ নিজ অভিজ্ঞতা-যোগ্যতা এবং তরকারি তৈরীর মৌলিকত্ব সম্পর্কে বিস্তারিত বিবরণ, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ ইত্যাদি আহবান করা হয়েছে। ৬ ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হবে।
এগুলো হচ্ছে : আজীবন সম্মাননা, বছরের সেরা রেস্টুরেন্ট, বছরের সেরা নির্বাহী প্রধান, বছরের সেরা প্রধান, বছরের সেরা ফুড সাপ্লাই ম্যানেজমেন্ট কোম্পানী এবং বছরের সেরা কুক এওয়ার্ড। খলিলুর রহমান আরো জানালেন, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পূর্বাহ্নে ওয়েবসাইটেন রেজিস্ট্রেশন করতে হবে। এজন্যে প্রদান করতে হবে নির্দিষ্ট পরিমাণের ফি অর্থাৎ অনুষ্ঠানটি সকলের জন্যে উম্মুক্ত থাকবে না। উল্লেখ্য, নিউইয়র্ক অঞ্চলে শেফ হিসেবে ইতিমধ্যেই বিশেষ খ্যাতি অর্জনকারি খলিলুর রহমানের মালিকানাধীন ৪টি ‘খলিল বিরিয়ানি হাউজ’ও ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। সে আলোকে এই ক্বারি শিল্পে নিবেদিত প্রাণ ব্যক্তিগণকে সম্মান জানানোর মধ্যদিয়ে মূলত: বাঙালি রন্ধন শিল্পীগণকে আরো উৎসাহিত করার প্রয়াসের অংশ হিসেবে এই এওয়ার্ড বিতরণ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকরা জানান, বিশ্বখ্যাত মাস্টার শেফের নেতৃত্বে ৭ সদস্যের জুরিবোর্ড জমাকৃত আবেদনগুলো বাছাই করবেন।



