
স্পোর্টস ডেস্ক: | বুধবার, ১০ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে জয় পাওয়া যেকোনো দলের জন্যই স্বাভাবিকভাবেই কঠিন ও দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত তাই ঘটেছে কানাডার ভাগ্যে। ১০ জুলাই অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম সেমিতে মাঠে দেখা গেল দাপুটে আর্জেন্টিনাকে। ফলাফল প্রত্যাশিত! ২-০ গোলের ব্যবধানে পরাজয়। এদিন নব্বই মিনিটের খেলায় আলবিসেলেস্তেরা ছিল আরও বেশি পরিণত। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই। তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ৬ষ্ঠবার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা।
২০১৫ সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা। মাঝে বাদ গিয়েছিল শুধু ২০১৯ সালের কোপা আমেরিকা। যেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এরপর ২০২১ সালে শিরোপাটাই জয় করে তারা। এবার তাদের সামনে সুযোগ টানা দুইবার কোপা আমেরিকা জয়ের। যে জয় পেলে ফুটবলের বিরল এক রেকর্ডে নাম উঠবে আর্জেন্টিনার।
দুই মহাদেশীয় আসর আর এক বিশ্বকাপ টানা জয়ের কীর্তি এর আগে আছে কেবল স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জয় করেছিল স্পেন। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে। আগামীকালের উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফাইনালে নামবে লিওনেল মেসির দল।



