
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা শতকরা ৩০০ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য এসেছেন বলে বুধবার (১০ জুলাই ) মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৩০০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১১-২০১২ সালে যা ৩ হাজার ৩১৪ জন ছিল, ২০২২-২০২৩ সালে সেই সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে। বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীদের সংখ্যা ৫০% এরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ২ হাজার ৫০০ জন হয়েছে। ১০ হাজার স্নাতক শিক্ষার্থী বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে স্নাতক শিক্ষার্থীদের সপ্তম বৃহত্তম উৎস করে তুলেছে।
মার্কিন দূতাবাস বলছে, এই পরিসংখ্যান শক্তিশালী শিক্ষাগত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ডিগ্রির উচ্চ চাহিদার কথা তুলে ধরে।
এদিকে, যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার এডুকেশনইউএসএ টিম ২০২৪ সালের শরৎকালীন সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা শুরু করতে যাওয়া বাংলাদেশের ১২০ জন শিক্ষার্থীর জন্য ইএমকে সেন্টারে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের আয়োজন করেছিল এদিন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওই মন্তব্য করেন স্টিফেন ইবেলি।
স্টিফেন ইবেলি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, পেশাদার এবং ব্যক্তিগত বিকাশের এই যাত্রা শুরুর সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সুবিধা নিতে উৎসাহ জানান। নতুন অভিজ্ঞতা নেয়া এবং বন্ধু ও সহকর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি।



