
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ঢাকায় ছয়জন, নরসিংদীতে ১ জন ও মাদারীপুরে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকার বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক। নিহত দু’জনের মধ্যে একজন শিক্ষার্থী। তার নাম জিল্লুর রহমান। তিনি ইমরেপিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাসা আফতাবনগরে। আরেকজনের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।
এদিন দুপুরে উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে ৫০০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।
মাদারীপুরে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে একজন নিহত হয়েছেন। নিহত দিপ্ত দে সরকারি মাদারীপুর কলেজের শিক্ষার্থী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
অপরদিকে, নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তামিম আহমেদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নরসিংদী জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমান জানিয়েছেন, তার গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম আহমেদের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে।
এদিন বিকেল সোয়া ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদীতে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।



