
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ২৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ২৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশে নাশকতার প্রতিবাদে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আওয়ামী লীগের কর্মসূচিতে জঙ্গি হামলার অভিযোগ করা হয়েছে নিউইয়র্ক পুলিশে। সুনির্দিষ্টভাবে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা ছাত্রদলের কর্মী বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। ২২ জুলাই অপরাহ্নে ব্রঙ্কসে বাংলাদেশ এভিনিউ’র সন্নিকটে স্টার্লিং এবং ওল্ডস্টিডে কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে নিয়ে জামায়াত-শিবিরের হিংস্রতার নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুর্ব নির্ধারিত একটি কর্মসূচি চলাকালে ‘আমরা সবাই রাজাকার’ ধ্বনিতে কয়েকজন হামলা চালায় এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার ফরাসত আলীর ওপর চড়াও হয়। এতে প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
সংবাদ পেয়ে অকুস্থলে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পলায়ন করেছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। এ নিয়ে উত্তেজনা চলছে নিউইয়র্ক সিটির সর্বত্র। এর আগে ১৮ জুলাই সন্ধ্যায় টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত র্যালিতে সময় টিভির সংবাদদাতা হাসানুজ্জামান সাকিকে লাঞ্ছিত করা হয়। এছাড়া ২১ জুলাই অপরাহ্নে জ্যাকসন হাইসে ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের র্যালি চলাকালেও দৃর্বৃত্তরা উত্তেজনার চেষ্টা চালিয়েছিল। আর এমন হামলার মত আচরণে লিপ্তদের প্রায় সকলেই তরুণ বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অর্থাৎ বিএনপি-যুবদল-ছাত্রদলের যুক্তরাষ্ট্রে পরিচিতরা এমন মারমুখী অপতৎপরতায় লিপ্ত বলে শোনা যায়নি।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবি পূরণ হলেও নিউইয়র্কের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার, জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জ্যাকসন হাইটসে বিএনপি ছাড়াও বাংলাদেশে আন্দোলনে সহিংসতা চালানোর জন্যে দায়ীদের বিচার দাবির সাথে ‘শেখ হাসিনার পদত্যাগ’র দাবিটিকেও যুক্ত করা হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে। ২২ জুলাই সন্ধ্যায় ফ্লোরিডায় আওয়ামী লীগের ব্যানারে সর্বস্তরের প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে নাশকতা চালানোর জন্যে জামাত-বিএনপিকে সরাসরি অভিযুক্ত করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, কোটা সংস্কারের আন্দোলন হাইজ্যাক করে তাণ্ডব চালাচ্ছে শিবিরের জঙ্গিরা। ওদেরকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের ঐক্যবদ্ধ থাকতে হবে।



