
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ২৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

অবশেষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার সমর্থনও পেলেন কমলা হ্যারিস। এর আগে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনসহ ডেমক্র্যাটিক পার্টির সকল স্টেট গভর্নর নতুর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলাকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছেন। এছাড়া জো বাইডেনকে যারা মোটা অংকের চাঁদা দিয়েছেন তারাও তা কমলার নির্বাচনী প্রচারণায় ব্যয়ে দ্বিমত পোষণ করেননি অর্থাৎ নভেম্বরের নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে কমলা হ্যারিসের পথ ক্রমান্বয়ে সুগম হচ্ছে। সর্বশেষ নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ পরিচালিত জরিপে কমলার চেয়ে মাত্র ১% এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প (৪৭%)।
উল্লেখ্য, সাবেক জীবিত প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় হলেন বারাক ওবামা। রিপাবলিকানদের মধ্যেও জনপ্রিয়তার একটি পরিধি রয়েছে ওবামার। তাই কমলার প্রতি ওবামা দম্পতির সমর্থনের মধ্যদিয়ে কমলা হ্যারিসের বিজয়ের প্রত্যাশা অনেকটাই বাড়লো ডেমক্র্যাট শিবিরে।
১৯ আগস্ট শিকাগোতে শুরু হবে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন। সেখানেই দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন চ’ড়ান্ত হবে। সে বিষয়টিও প্রায় নিশ্চিত। কারণ, ইতিমধ্যেই সিনেট ও হাউজে ডেমক্র্যাটিক ককাসের সিংহভাগই কমলাকে সমর্থন দিয়েছে। পার্টির ডেলিগেটদের অধিকাংশের সমর্থন ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে।
ওবামা ও মিশেলের সমর্থন জানানোর ভিডিও কল শুক্রবার প্রত্যুষে রিলিজ করেছেন কমলা হ্যারিসের প্রচার টিম। ইন্ডিয়ানাপোলিসে নির্বাচনী সমাবেশে যোগদানের সময় ওবামা দম্পতি ফোন করেছিলেন কমলাকে। ওবামা এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে আমরা সবকিছু করবো। এবং আমরা আশা করছি আপনিও আমাদের সাথে যোগ দেবেন।
এদিকে, কমলা হ্যারিস তার রানিংমেটের নাম ঘোষণা করতে পারেন ৭ আগস্ট। ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণার পরই নভেম্বরের নির্বাচনে বিজয়ে ডেমক্র্যাটদের প্রচারণায় নতুর মাত্রা আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে রয়েছেন আরিজোনার সিনেটর মার্ক কেলী, বাইডেনের পরিবহন মন্ত্রী পিটে বুটিগিগ, পেনসিলভেনিয়ার স্টেট গভর্নর যোশ শ্যাপিরো, নর্থ ক্যারলিনা স্টেটের গভর্ণর রয় কুপার, মিনেসোটা স্টেটের গভর্ণর টিম ওয়ালজ এবং কেন্টাকি স্টেটের গভর্নর অ্যন্ডি বেশীর।
উল্লেখ্য, দলীয় চাপে ২১ জুলাই প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়ে জো বাইডেন কমলাকে যোগ্য প্রার্থী হিসেবে নিজের সমর্থন জানিয়েছেন। একইসাথে নতুন প্রজন্মের জন্যে নেতৃত্বের পথ সুগম করার কথাও জানিয়েছেন আনুষ্ঠানিক বক্তব্যে।



