
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ২৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে নিয়ে জামাত-শিবির-বিএনপি যে তান্ডব চালিয়েছে তা সবিস্তারে জাতিসংঘকে অবহিত করতে ২৯ জুলাই সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে মানববন্ধন এবং শেষে মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সম্মিলিতভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির সমর্থনে ২৫ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে প্রস্তুতি সভা থেকে জানানো হয় যে, ছাত্রদের আন্দোলনের সময়ে অনভিপ্রেত কিছু ঘটনাকে পুঁজি করে প্রবাসে লাগাতার মিথ্যাচার চলছে। সংঘবদ্ধ এহেন মিথ্যাচারের টার্গেট হচ্ছে মুক্তিযুরদ্ধের চেতনায় উজ্জীবিত শেখ হাসিনা ও তার সরকার।

বাংলাদেশের স্বাধীনতা চায়নি এমন মহলটির মদদে ও পৃষ্টপোষকতায় জামাত-শিবির-বিএনপির লোকজনের পক্ষ থেকে জাতিসংঘেও অসত্য তথ্য সরবরাহ করা হয়েছে। এমনকি শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের ট্রুপসকে অপসারণের মত জঘন্য ষড়যন্ত্রও চালানো হচ্ছে মিথ্যাচারের মাধ্যমে। বক্তারা ক্ষোভের সাথে বলেন, মিথ্যাচারের নিন্দা, প্রতিবাদের পাশাপাশি সঠিক তথ্য জাতিসংঘকে অবহিত করতে এমন একটি কর্মসূচির বিকল্প নেই।
প্রস্তুতি সভায় বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রচি, আওয়ামী লীগ নেতা আবুল হাসিব মামুন, জালালউদ্দিন জলিল, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, মঞ্জুর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২৪ জুলাই অপরাহ্নে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের পর উদ্ভূত পরিস্থিতির আলোকে জামাত-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্ক অফিসার সিয়েরা দেহম্যান্ডের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। সেটি হস্তান্তর করেছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



