
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ০২ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে

একাত্তরে ‘মানবতাবিরোধী অপরাধে লিপ্ত’ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের অভিমত জানতে চাইলে অ্যান্তোনিয়ো গুতেরেজের পক্ষে তাঁর উপ-মুখপাত্র ফারহান আজিজ হক ১ আগস্ট বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে ই-মেলে বলেন, ‘তিনি (মহাসচিব) যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব এবং মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর দিয়েছেন।’ প্রসঙ্গত: উল্লেখ্য, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী জামায়াত এবং এর সকল অঙ্গ সংগঠনকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মহাসচিব বাংলাদেশে বিরাজিত পরিস্থিতির ব্যাপারে এখনো উদ্বিগ্ন। অ্যান্তোনিয়ো গুতেরেজ সকলকে শান্ত এবং সংযমের জন্য তাঁর আহবান পুনর্ব্যক্ত করেছেন। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাজারো যুবক ও বিরোধী রাজনৈতিক কর্মীকে ব্যাপক ধর-পাকড়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন।



