
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। কোটা আন্দোলন চলাকালে ঢাকার বছিলায় আবু সায়েদ নামে এক মুদি দোকানিকে হত্যার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।
মামলার আবেদনে থাকা অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল ৪টায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান।



