
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

আমাদের জীবদ্দশায় নয়, আমেরিকার ইতিহাসে আসন্ন নির্বাচনটির গুরুত্ব অপরিসীম। আমেরিকার ইতিহাস ঐতিহ্যের পরিপূরকভাবে নবউদ্যমে বিশ্বব্যাপী স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গিকার করে আসন্ন নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নকে স্বাগত জানালেন প্রথম ভারতীয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের লাল, সাদা আর নীল রংয়ের এক লাখ বেলুনের সাথে অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী-সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে বৃহস্পতিবার রাতে শিকাগোর ইউনাইডেট সেন্টার অ্যারিনাতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্যে সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার সুদূর প্রসারি ভূমিকার প্রসঙ্গও স্থান পায়।
অভ্যন্তরীন অবস্থাও বাদ যায়নি প্রায় ৪০ মিনিটের গোছানো বক্তব্যে। কমলা তার মার মা শ্যামলার স্বপ্ন এবং জীবনাচারকেও সামনে এনেছেন অভিবাসীগণের রক্ত-ঘাম আর মেধায় গড়ে উঠা যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার আলোকে। ডেমক্র্যাটিক পার্টির চারদিনব্যাপী জাতীয় সম্মেলনের শেষ দিনেই হতাশায় নিপতিত আমেরিকার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দুয়ার খুলে গেল কমলার বক্তব্যে।
বিপুল করতালি আর ভোট যুদ্ধে বিজয়ী করার স্লোগানে নাচতে থাকা অ্যারিনায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেকে একজন বাস্তববাদী নেতা হিসেবে উপস্থাপন করেন যিনি আমেরিকানদেরকে “নতুন সামনের পথের” এগিয়ে চলার উদাত্ত আহবান জানান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে বিপজ্জনক এবং ভয়ংকর হিসাবে অভিহিত করেন এবং বলেন, তিনি হলেন একজন “অগুরুত্বপূর্ণ মানুষ”, যেনি নির্বাচিত হলে আমেরিকার গণতন্ত্রের ইতিহাস পাল্টে যাবে। ২০২১ সালের ৬ জানুয়ারিতে যা গোটাবিশ্ব অবলোকন করেছে।
ভাষণে কমলা হ্যারিস গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এখন জিম্মিদের ফেরানোর চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন। কমলা বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা এবং ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে যুগোপযোগী একটি বিল কংগ্রেসে পাশ হবার পথে ছিল। সেটি পাশ হয়েঢ আইনে পরিণত হলে ট্রাম্পের ভোট কমবে বিধায় ট্রাম্পের আহবানে রিপাবলিকানরা চূড়ান্ত ভোটে বিরোধিতা করেছেন। এভাবেই যুক্তরাষ্ট্রের সামগ্রিক স্বার্থ বারবার উপেক্ষিত হয়েছে ট্রাম্প আমলে এবং তিনি যদি আবারো নির্বাচিত হোন তাহলে যুক্তরাষ্ট্রকে গোটাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করবেন এবং সামনে এগুনোর পরিবর্তে পেছনে ফিরতে হবে বলেও মন্তব্য করেন কমলা।
হ্যারিস বলেন, “জনগণের পক্ষ থেকে, সব আমেরিকানের পক্ষ থেকে; দল, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। আমি জানি বহু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ এখানে আছে। তারা এ সম্মেলনে চোখ রেখেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।“আমি সেই প্রেসিডেন্ট হতে চাই- যিনি সবাইকে একতাবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন, যিনি নেতৃত্ব দেবেন, সবার কথা শুনবেন, বাস্তবাদী হবেন, কার্যকরী হবেন।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ”নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে, হতাশা মুছে এগুনোর সুযোগ এসেছে। কোনও দল বা একক গোষ্ঠী হিসাবে নয়, আমেরিকার মানুষ হিসাবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।”
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ‘অবিবেচক মানুষ’ হিসেবে বর্ণনা করে কমলা বলেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা জরুরি এবং অপরিহার্য। তিনি উল্লেখ করেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুড়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হলে একটি সশস্ত্র চরম উগ্রপন্থি জনতাকে ক্যাপিটলে পাঠিয়ে আইনপ্রয়োগকারীদের ওপর হামলা চালান। তিনি বলেন, আইন ভঙ্গ করার ট্রাম্পের প্রবণতা এই ইঙ্গিতই দেয় যে, আবার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে তিনি বেপরোয়া হতে পারেন।
সব আমেরিকানের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হ্যারিস বলেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার মতো একজন প্রেসিডেন্ট হতে চান তিনি।
গাজায় যুদ্ধের প্রসঙ্গে হ্যারিস বলেন, সেখানে যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। বন্দি মুক্তি দেওয়াটাও জরুরি। তিনি বলেন, “আমি সবসময়ই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে। কিন্তু গাজায় গত ১০ মাস ধরে যা হয়েছে তা বিপর্যয়কর। বহু নিরীহ মানুষ মরেছে। ক্ষুধার্থ, সাহায্যের জন্য মরিয়া মানুষকে বার বার এখান থেকে ওখানে পালিয়ে বেড়াতে হয়েছে। গাজার মানুষদের এই দুর্ভোগ হৃদয়বিদারক। প্রেসিডেন্ট বাইডেন এবং আমি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করছি, যাতে ইসরায়েল সুরক্ষিত থাকে এবং বন্দিরা মুক্তি পায়, গাজায় মানুষের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনিরা যাতে মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও আত্মনিয়নিত্রণের অধিকার নিয়ে বাঁচতে পারে।”
স্বৈরশাসকদের কাছে ট্রাম্পের মাথানত করারও অভিযোগ করেছেন কমলা হ্যারিস। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরদ্ধে লড়ারুয়ের অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যে চলে আসা সংগ্রামে তার অবস্থান কোথায় তা যেমন তিনি জানেন তেমনি যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, তা-ও তিনি জানেন।
প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন গ্রহণের পর জাতীয় নিরাপত্তার বিষয়টিও হ্যারিস তার ভাষণে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট হলে পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করবেন বলে প্রতিশ্রুতি দেন। ইউক্রেইনকেও সমর্থন দিয়েছেন হ্যারিস। বলেছেন, রাশির্য়া আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সমর্থন করে যেতে হবে। হ্যারিস বলেন, “যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং মূল্যবোধ রক্ষা করতে আমি কখনও পিছপা হব না। ইরান এবং অন্যান্য প্রতিপক্ষের আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতেও দ্বিধা করব না।”
কমলা বলেন, মাঝারি আয়ের আমেরিকানরা ঘুরে দঁড়াতে পারলেই আমেরিকা ঘুরে দাঁড়াবে। এজন্যে তিনি স্বল্প ও মধ্যম আয়ের পরিবারের ট্যাক্স কর্তনের সুদূর প্রসারি পরিকল্পনার অঙ্গিকারও করেছেন। অপরদিকে, ট্রাম্প চাচ্ছেন তার বিলিয়নেয়ার ক্লাবের স্বার্থে ট্যাক্সেশন ব্যবস্থা গড়তে। আর এর ফলে আমেরিকার জাতীয় দেনার দায় ৫ ট্রিলিয়ন ডলারে উঠবে বলেও মন্তব্য করেন কমলা।
প্রসঙ্গত: উল্লেখ্য, এবারের জাতীয় সম্মেলনের মধ্যদিয়ে ডেমক্র্যাটরা ঐক্যবদ্ধ হলেন কমলার নেতৃত্বে এবং গোটা আমেরিকাতেও ঐক্যের জয়গান ধ্বনিত হচ্ছে ইতিহাস রচনার নির্বাচনে সকলে আরেকটি ইতিহাসের সাক্ষী হবার জন্যে। কারণ, এর আগে কখনোই প্রধান কোন রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেননি কোন কৃষ্ণাঙ্গ নারি। বারাক ওবামা যেমন প্রথম কৃষ্ণাঙ্গ পুরুষ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছেন, ঠিক তেমনি কমলাও প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশিয়ান নারী প্রেসিডেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নবঅধ্যায়ের সূচনা ঘটাতে যাচ্ছেন বলে আমেরিকানরা মনে করছেন। ইতিমধ্যেই প্রায় সবগুলো জরিপেও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।



