
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে তালেবান দোহা চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্স।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, ‘নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে তালেবানের অক্ষমতা বা অনিচ্ছার মুখেও আমরা আফগান জনগণকে বিস্তৃত ত্রাণ সহায়তা এবং তাদের মানবাধিকার বিশেষ করে নারী ও মেয়েদের অধিকার রক্ষায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমর্থন দিয়ে যাবো।’
এখানে উল্লেখ্য, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র ড্রোন হামলায় রবিবার (৩১ জুলাই) আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১ আগস্ট সন্ধ্যায় এক ভাষণে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে হওয়া চুক্তিতে আল-কায়েদাসহ কোনো সন্ত্রাসী-জঙ্গি সংগঠন বা ব্যক্তিকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দিয়েছিল তালেবান।



